× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ

নেপালকে অল্পতেই থামাল যুবারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:৩৩ পিএম

জীবনদের মাঝের ওভারে বেশ ভুগিয়েছেন বিশাল, তবে ফিফটি করার আগেই ফিরেছেন      ছবি: এক্স

জীবনদের মাঝের ওভারে বেশ ভুগিয়েছেন বিশাল, তবে ফিফটি করার আগেই ফিরেছেন ছবি: এক্স

ব্লুমফন্টেইনে মাহফুজুর রহমানদের বাঁচা-মরার লড়াই বটে। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সের গ্রুপ পর্বের সেই লড়াইয়ে বোলিংয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বর্ষণ-যুবাদের তোপে দেড়শ রান পেরোনোর খানিক পরেই গুটিয়ে গেছেন নেপালি যুবারা। কঠিন সমীকরণে দারুণ শুরু পেতে নির্ধারিত ৫০ ওভারে মাহফুজুর রহমান রাব্বিদের প্রয়োজন ১৭০ রান।

মানগাউং ওভালে নেপালের ব্যাটারদের খাবি খাইয়েছেন বাংলাদেশের বোলাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে এশিয়ার দলটি। আসা-যাওয়ার দিনে বিশাল বিক্রমের ব্যাটে শতরান পার করলেও বেশিদূর এগোতে পারেনি নেপাল। বড় স্কোর তো বটে, টিকে থাকার লড়াইয়ে লড়াকু সংগ্রহও দাড় করাতে পারেননি দেব কাহনালরা।

বুধবার বোলিংয়ে দাপুটে শুরু এনে দিয়েছিলেন মারুফ মৃধা। সেই পথ দৈর্ঘে-প্রস্তে পরে বাড়িয়ে দেন রোহনাত দৌলা বর্ষণ ও শেখ পারভেজ জীবন। বর্ষনের চার উইকেটের বিপরীতে তিনটি উইকেট নিয়েছেন স্পিনার জীবন। বাকি কাজ একটি করে উইকেট নিয়ে সেরেছেন জিসান-ইমন-মারুফরা।

নেপালের বাজে ব্যাটিং প্রদর্শনীর শুরু চতুর্থ ওভারে। মারুফের বলে বিপিন রাওয়াল ফেরেন ২ রান করে। এরপর ব্যর্থ হয়েছেন টপ অর্ডারের বাকি দুজন। অর্জুন কুমালের ব্যাটে আসে ১৬ রান, আকাশ ত্রিপাঠি করেন ৩। মাঝে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক দেব ও বিশাল। ৩৫ রান করে দেবকে সাজঘরের পথ দেখান জিসান। নেপালকে ১৩৮ রানে রেখে ফেরে বিশাল। ইনিংসের সর্বোচ্চ ৪৮ রান আসে তার ব্যাটে। এরপর শেষ দিকে শুভাস বান্দারির ১৮ রানে দেড়শ ছাড়ায় নেপাল।

সুপার সিক্স মিশনে অনেক জটিল সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ জুনিয়র টাইগারদের সামনে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিতে হলে প্রাথমিক শর্ত সুপার সিক্স পর্বে জিততে হবে দুটো ম্যাচেই। সেই চ্যালেঞ্জে মাহফুজুর রহমান রাব্বিদের প্রথম পরীক্ষা গ্রুপ পর্বে চমক দেখানো নেপাল। এরপর জিততে হবে পাকিস্তানের বিপক্ষেও। শেষ চারে যাওয়ার জন্য এই দুটো ম্যাচ জয়ই যথেষ্ট নয়। অনেক ‘যদি-কিন্তু’র হিসাবও থাকতে হবে পক্ষে। খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে রানরেটও। এগিয়ে যাওয়ার সেই প্রত্যাশা নিয়েই ছোট লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে রাব্বিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা