× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিদেশীয় সিরিজ

অজেয় বাংলাদেশের মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:০৬ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:৪১ পিএম

টানা চতুর্থ জয়ে নারী ক্রিকেটারদের উদযাপন। -ছবি আ ই আলীম।

টানা চতুর্থ জয়ে নারী ক্রিকেটারদের উদযাপন। -ছবি আ ই আলীম।

টানা তিন জয়ে আগেই নিশ্চিত ছিল ফাইনাল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। নিজেদের ঝালিয়ে নিতে এমন মোক্ষম মুহূর্ত হেলায় নষ্ট করেনি স্বাগতিকরা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। আগামী শুক্রবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে জয়ের সঙ্গে এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে লঙ্কানরা।

বুধবারের ম্যাচটি বাংলাদেশের পরীক্ষা-নিরীক্ষার হলেও বাঁচা-মরা ছিল পাকিস্তানের। স্বাগতিকদের বড় ব্যবধানে হারাতে পারলে ফাইনালে যাওয়ার সুযোগ ছিল তাদের। সেটা তো হয়নি, উল্টো প্রথমের মতো দ্বিতীয় ম্যাচেও নির্বিষ ছিল সফরকারীরা।

বাংলাদেশের ব্যাটিংয়ের আমন্ত্রণে এদিন পাকিস্তানের শুরুটা ছিল আশাজাগানিয়া। ১৫ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন সামিয়া আফসার ও আরিশা আনসারি। ব্যক্তিগত ৪৮ রানে আফসারির বিদায় ঘটলে এই জুটি ভাঙে। এরপর পাকিস্তান আর বেশি দূর যেতে পারেনি। পরে নির্ধারিত ২০ ওভার শেষে তারা ৫ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে । 

জবাবে বাংলাদেশের শুরুটা ছিল ম্যাড়মেড়ে। প্রথম ওভারের পঞ্চম বলে উইকেট খুইয়ে বসে স্বাগতিকরা। ওপেনার সুমাইয়া আক্তার সুর্বনা দলের বিপদ বাড়ান। থিতু হতে পারেননি মোসাম্মত ইভা (১৪) এবং জান্নাতুল মৌয়াও (৯)। তবে শক্ত হাতে হাল ধরেন অধিনায়ক সুমাইয়া। আফিফা অছিমা ইরাকে সঙ্গী করে দুর্বার গতিতে এগিয়ে যান। চতুর্থ উইকেটে ৪৭ রানের জুটি গড়েন। তবে দলের জয় যখন ১০ রানের দূরত্ব, তখন ব্যক্তিগত ৩৮ রানে আউট হন অধিনায়ক। পরে আরও দুই উইকেট হারালেও ১৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। ম্যাচসেরা নির্বাচিত হন রাবেয়া খাতুন। তিনি ৪ ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট অর্জন করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা