প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১৩:৪৮ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:৪৩ পিএম
নবম বিপিএলে বাজিমাত দেখানো সিলেট স্ট্রাইকার্স দশমে এসে ব্যর্থ। গতবারের রানারআপ দলটি এবার টানা পাঁচটি ম্যাচ হেরেছে। জেতেনি কোনো ম্যাচ। পয়েন্ট টেবিলেও অবস্থান তলানিতে।
সিলেটের এমন পারফরম্যান্সের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে দলের সিনিয়র ক্রিকেটাররা। প্রশ্নবিদ্ধ হচ্ছেন স্বয়ং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। পারফরম্যান্সের সিকিভাগও দিতে পারেননি তিনি। বল হাতে ব্যর্থ মাশরাফি চেষ্টা করেছেন ব্যাট হাতে ভূমিকা রাখতে। সেখানেও নির্জীব। তবে শেষ অবধি ফ্র্যাইঞ্চাইজি থেকে সরে দাঁড়িয়েছেন।
আজ বুধবার দুপুর ১টায় এক বিবৃতিতে সিলেট স্ট্রাইকার্স জানায়, জাতীয় সংসদের কার্যক্রমে অংশ নিতে বিপিএলের দশম আসর থেকে বিরতি নিয়েছেন মাশরাফি।
মাশরাফি অবর্তমানে কে দায়িত্ব সামলাবে সিলেটের ভাঙা নৌকার? এ প্রশ্নের সুরহা করেছেন দলের মিডিয়া ম্যানেজার মিনহাজ। জানিয়েছন, 'বাহুবন্ধনী থাকবে মোহাম্মদ মিথুনের হাতে।'
তিনি এও জানিয়েছেন, রাজনৈতিক কার্যক্রমের ফাঁকে সুযোগ পেলে তবে আবারও দেখা যেতে পারে মাশরাফিকে।