বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ২৩:২৩ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ০০:১৪ এএম
বিপিএলের গত আসরে ফাইনালে উঠেছিল সিলেট স্ট্রাইকার্স। অল্পের জন্য শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। এবার সেই আক্ষেপ মেটানোই ছিল লক্ষ্য। কিন্তু এবারের আসরে হারের বৃত্ত থেকেই যেন বের হতে পারছে না তারা। সবশেষ ফরচুন বরিশালের কাছে বড় ব্যবধানে হেরে টানা পঞ্চম ম্যাচে পরাজয়ের মুখ দেখল মাশরাফি বিন মর্ত্তুজার দল। আর আসরে প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচ হারা বরিশাল ফিরল জয়ের ধারায়।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলের ১৬তম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ১৩৭ রানেই অলআউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। এতে ৪৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে তামিমের বরিশাল।
১৮৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ভুগেছে সিলেট। অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত ৭ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার শামসুর রহমান শুভ উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। এবারের আসরে প্রথম খেলতে নামা এই ব্যাটার করেন ২৩ বলে ২৫ রান।
এদিন চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মাশরাফি। কিন্তু তিনি ব্যাট হাতে আরও একবার ব্যর্থ হয়েছেন। সিলেট অধিনায়ক ৪ বল মোকাবেলা করে ২ রানের বেশি করতে পারেননি। তবে মিডল অর্ডারে জাকির হাসান ও বেনি হাওয়েল কিছুটা আশা দেখিয়েছিলেন।
চতুর্থ উইকেটে তারা দুজনে মিলে ৪২ বলে ৫৮ রানের জুটি গড়ে দলকে ম্যাচে রেখেছিলেন। কিন্তু জাকির ৪৬ রান করে মিরাজের শিকারের পর আর বেশিদূর এগোতে পারেনি সিলেট। এরপর ২৪ রানে থেমেছেন হাওয়েল। বাকিরা আসা যাওয়ার মিছিলে থাকায় ১৫ বল বাকি থাকতেই ১৩৭ রানে গুটিয়ে যায় মাশরাফির দল।
এর আগে বরিশালের ব্যাটিংয়ের শুরুটাও ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল (২)। তিনে নেমে সুবিধা করতে পারেননি প্রীতম কুমারও (১)। এরপর তৃতীয় উইকেটে ৫০ রান যোগ করেন আহমেদ শেহজাদ ও সৌম্য সরকার।
সৌম্য (২০), শেহজাদ (৬৬) ও মুশফিকুর রহিম (২২) সাজঘরে ফিরলেও রীতিমতো ঝড় বইয়ে দেন রিয়াদ। তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে অপরাজিত ৫১ রান। আর মিরাজ করেছেন ৬ বলে অপরাজিত ১৫ রান। এতে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল : ১৮৬/৫ ২০ ওভার; (তামিম ইকবাল ২, আহমেদ শেহজাদ ৬৬, প্রীতম কুমার ১, সৌম্য সরকার ২০, মুশফিকুর রহিম ২২, মাহমুদউল্লাহ রিয়াদ ৫১*, মেহেদি হাসান মিরাজ ৬*; আরিফুল হক ১১/০, নাঈম হাসান ৩৬/১, সামিত প্যাটেল ৩৬/০, রিচার্ড এনগ্রাভা ৪৯/১, রেজাউর রহমান রেজা ৩১/০, বেনি হাওয়েল ২১/৩)।
সিলেট স্ট্রাইকার্স : ১৩৭/১০ ১৭.৩ ওভার (নাজমুল হোসেন শান্ত ৯, শামসুর রহমান ২৫, জাকির হাসান ৪৬, মাশরাফি বিন মর্ত্তুজা ২, বেনি হাওয়েল ২৪, রায়ান বার্ল ১, আরিফুল হক ২, সামিত প্যাটেল ৮*, নাঈম হাসান ১, রিচার্ড এনগ্রাভা ০, রেজাউর রহমান রেজা ১২; মোহাম্মদ ইমরান ২৯/৪, আকিফ জাভেদ ২২/১, মেহেদি হাসান মিরাজ ২১/৩, দুনিথ ভেল্লালাগে ২৪/০, খালেদ আহমেদ ২৯/২, সৌম্য সরকার ৮/০)।
ফল: ৪৯ রানে জয়ী ফরচুন বরিশাল।
ম্যাচসেরা: মাহমুদউল্লাহ রিয়াদ।