প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১২:৪২ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১২:৪৯ পিএম
শামার জোসেফ। ছবি : সংগৃহীত
ঐতিহাসিক গাব্বা টেস্টের সময় পায়ের আঙুলে চোট পান উইন্ডিজের নতুন সেনসেশন শামার জোসেফ। যে কারণে চলমান আইএল টি-টোয়েন্টিতে যোগ দিতে পারবেন না তিনি। সিডনি মর্নিং হেরাল্ড মঙ্গলবার (৩০ জানুয়ারি) জানিয়েছে, ২৪ বছর বয়সি দুবাই ক্যাপিটালসে যোগ দিতে প্রস্তুত ছিলেন। কিন্তু চোটের কারণে আপাতত সেটি হচ্ছে না। পিএসএলের জন্য নিজেকে প্রস্তুত করতে দেশে ফিরে যাচ্ছেন এই পেসার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচজয়ী স্পেলের পর পেশোয়ার জালমির সঙ্গে একটি চুক্তি করেছেন জোসেফ। ইংল্যান্ডের ফাস্ট বোলার গাস অ্যাটকিনসনের বদলি হিসেবে তাকে দলে ভিড়াতে চেয়েছে ফ্রাঞ্চাইজিটি।
অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্ট সিরিজে অসাধারণ ছিলেন জোসেফ। ১৭ দশমিক ৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে সিরিজ শেষ করেন তিনি। এ ছাড়া ব্যাট হাতে ২৮ দশমিক ৫০ গড়ে ৫৭ রান করেন। দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে তার ৭ উইকেটের সুবাদে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট ম্যাচ জেতে উইন্ডিজ।
ওই টেস্ট চলাকালীন ধারণাটা করা হচ্ছিল- সারা বিশ্বের টি-টোয়েন্টি লিগগুলো জোসেফের ওপর নজর রাখবে। হয়েছেও সেটি। ম্যাচ শেষ হতে না হতেই তিনি পিএসএলের সঙ্গে চুক্তিবদ্ধ হন। যদিও এই তরুণ বলেছেন যে তিনি সব সময় উইন্ডিজের হয়ে খেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। ‘আমি সব সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে চাই। এমন সময় আসবে যখন টি-টোয়েন্টি লিগ এবং টেস্ট ক্রিকেট থাকবে এমন পরিস্থিতিতে আমি সব সময়ই উইন্ডিজের হয়ে খেলাকে প্রাধান্য দেব। তাতে যত টাকার প্রস্তাবই আসুক না কেন।’