প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ২০:০৩ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ২০:২১ পিএম
ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস গড়া টেস্টের নায়ক শামার জোসেফের সঙ্গে ব্রায়ান লারা। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক এক টেস্ট ম্যাচ
জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে স্বাগতিকদের ৮ রানে হারিয়ে নতুন
রূপকথার জন্ম দিয়েছে ক্যারিবীয়রা। এতে দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের
বিপক্ষে টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। মাঠে যখন ক্রিকেটাররা আনন্দে মেতে ওঠেন, ধারাভাষ্য
কক্ষে থাকা ব্রায়ান লারাও জয়টা উদযাপন করেছেন ভিন্নভাবে। আবেগে কেঁদে ফেলেছেন ওয়েস্ট
ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার।
১৯৯৭ সালে পার্থে যে টেস্টে ১০ উইকেটে
হারিয়েছিল, সেই টেস্টে ক্যারিবীয়দের অন্যতম নায়ক ছিলেন ব্রায়ান লারা। সেই টেস্টে ব্যাট
হাতে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২৭ বছর পর এবার ধারাভাষ্য কক্ষ থেকে দেখলেন দলের অবিশ্বাস্য
এক জয়। নিঃসন্দেহে পুরোনো সেই স্মৃতি অনেকটা আবেগাক্রান্ত করে তুলেছিল এই কিংবদন্তি
ব্যাটারকে। সেটার বহিঃপ্রকাশ দেখা গেল তার প্রতিক্রিয়ায়ও।
গ্যাবা টেস্টে উইন্ডিজের ম্যাচ জয়ের
মুহূর্তেও ছিলেন ধারাভাষ্য কক্ষেই। শামার জোসেফের বলে অস্ট্রেলিয়ার শেষ ব্যাটার জশ
হ্যাজেলউড আউট হওয়ার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন এই তারকা। এ সময় তার পাশে থাকা আরেক
কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে জড়িয়েও ধরেন লারা। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে
এই ভিডিও ভাইরাল হয়েছে।
ম্যাচ জয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে
গিয়ে লারা বলেন, ‘অবিশ্বাস্য! ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষ জয়।
তরুণ ও অনভিজ্ঞ দলটাই করে দেখাল। এই ওয়েস্ট ইন্ডিজ দল আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আজ মাথা তুলে দাঁড়াতে পারে। আজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বিশেষ
দিন। অভিনন্দন, ওয়েস্ট ইন্ডিজ দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন।’