× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিসবেন টেস্টে আলোচনায় বাংলাদেশের সৈকতও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৯:৪৪ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ২০:১৭ পিএম

ব্রিসবেন টেস্টে ফিল্ডে আম্পায়ার হিসেবে ছিলেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত

ব্রিসবেন টেস্টে ফিল্ডে আম্পায়ার হিসেবে ছিলেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক টেস্ট ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিসবেনের গ্যাবায় দিবারাত্রির টেস্টে ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে নতুন রূপকথার জন্ম দিয়েছে ক্যারিবীয়রা। আনকোরা তরুণ পেসার শামার জোসেফের আগুনঝরা বোলিংয়ে ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এমন অবিশ্বাস্য জয়ের পর প্রশংসায় ভাসছেন ক্যারিবীয়রা। তাদের এমন অবিস্মরণীয় জয়ের দিনে প্রশংসিত হচ্ছেন একজন বাংলাদেশিও।

ব্রিসবেন টেস্টের অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারতে গত ওয়ানডে বিশ্বকাপে দারুণ আম্পায়ারিংয়ে নজর কেড়েছিলেন এই বাংলাদেশি। বিচক্ষণ আম্পায়ারিংয়ের কারণেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট পরিচালনার সুযোগ পেয়েছেন তিনি। আর সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগালেন সৈকত! বিচক্ষণতার সঙ্গে নিখুঁত আম্পায়ারিংয়ে ঐতিহাসিক টেস্টটি আরও জমিয়ে তুলেছিলেন তিনি।                                

পুরো ম্যাচেই দুর্দান্ত আম্পায়ারিং করেছেন সৈকত। প্রায় নিখুঁত ছিল তার সিদ্ধান্তগুলো। তার সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করা ভারতের নিতিন মেননের দেওয়া চারটি সিদ্ধান্তের দুটিই যেখানে রিভিউয়ে ভুল বলে প্রমাণিত হয়েছে, সেখানে সৈকতের সিদ্ধান্তের বিপক্ষে পাঁচবার রিভিউ নিয়ে মাত্র একবার সাফল্য পেয়েছে দলগুলো।

রিভিউয়ে বদলে যাওয়া সৈকতের একমাত্র সিদ্ধান্তটি ছিল ম্যাচের প্রথম সেশনের। দ্বিতীয় ওভারেই জশ হ্যাজেলউডের বলে ক্রেইগ ব্রাথওয়েটকে আউট দিয়েছিলেন সৈকত। কিন্তু ডিআরএসে সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়। সিদ্ধান্ত বদলে নট আউট ঘোষণা করতে হয়। তবে এরপর অস্ট্রেলিয়া একবার ও ওয়েস্ট ইন্ডিজ আরও তিনবার রিভিউ নিলেও প্রতিবার সৈকতের সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে।

অ্যাডিলেডে প্রথম টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন সৈকত। এবার ব্রিসবেন টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে সফলভাবে শেষ করেছেন। তার সাফল্য সামনে আরও সুযোগের দ্বার প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে। এতে দিন শেষে বাংলাদেশ ক্রিকেটেরই লাভ হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা