প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৭:৩০ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ১৯:১২ পিএম
ট্রফি হাতে আরিনা সাবালেনকা
শিরোপা ধরে রাখার মিশন নিয়েই কোর্টে নেমেছিলেন। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে তিনি ছিলেন অন্যতম ফেভারিট। টেনিস অনুরাগীদের সেই ধারণা সত্যি করলেন আরিনা সাবালেঙ্কা। চ্যাম্পিয়ন হলেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে।
ফাইনালে চীনের প্রতিপক্ষ ঝেং কিনওয়েনকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন বেলারুশের এ তারকা। সরাসরি সেটে হেসে খেলেই জেতেন ৬-৩ ও ৬-২ গেমে। দারুণ এই জয়ে মেলবোর্নের শিরোপা ধরে রাখলেন দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা। ঘরে তুললেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। কোনো সেট না হেরেই হলেন আসরের চ্যাম্পিয়ন।
অস্ট্রেলিয়ান ওপেনে টানা দুই শিরোপা জিতলেন সাবালেঙ্কা। ২০১৩ সালে ভিক্টোরিয়া আজারেঙ্কার পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন ২৫ বছর বয়সী বেলারুশ টেনিসকন্যা।
শিরোপা জিতে সাবালেঙ্কার কাছে যেন পুরো ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছে, ‘দারুণ দুটি সপ্তাহ কাটল। কখনও কল্পনাই করিনি শিরোপাটি ফের উঁচিয়ে ধরতে পারব।’