প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ২১:২৯ পিএম
সিনক্লেয়ারের এমন সেলিব্রেশনময় দিন কেটেছে শুক্রবার— গেটি ইমেজেস
দ্বিতীয় দিনে অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটাই করেছিলেন কেভিন সিনক্লেয়ার। ব্রিসবেনে দলকে তিনশ ছাড়িয়ে দেন, থামার আগে নিজেও হাঁকান ফিফটি। এরপর অজিদের ওপর পেস তাণ্ডব চালান রোচ-জোসেফ। ২২ রান পেছনে থেকে ডিক্লেয়ার করার পর এক উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরাও। তবুও ৩৫ রানে এগিয়ে সফরকারীরা।
ব্রিসবেনে ৩১১ রানে প্রথম ইনিংসে থামার পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৮৯ রানেই ডিক্লেয়ার করে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় ইনিংসে নামা ক্রেগ ব্রাথওয়েটদের যদিও স্বস্তিতে থাকতে দেননি হ্যাজলউড। ফিরিয়েছেন ওপেনার তেজনারায়ন চন্দরপলকে। আজ শনিবার সকাল ১০টায় তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবে ক্যারিবিয়ানরা।
অধিনায়ক ব্রাথওয়েট ৩ রান থেকে দলকে টানবেন। তাকে সঙ্গ দেবে ক্রিক ম্যাকেনজি। দ্বিতীয় দিনে খেলা থামার আগে ৭.৩ ওভার ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। তাতেই আক্ষেপের হয়ে থাকে চন্দরপলের উইকেট।
তবে দিনশেষে তবুও এগিয়ে আছে সফরকারীরা। অ্যাডিলেডে ১০ উইকেটে হারার পর ২ ম্যাচের সিরিজে ফিরতে মরিয়া হয়ে আছে ব্রাথওয়েটরা। ব্রিসবেনে এখনও অনেকটা পথ বাকি থাকলেও সেই পথেই হাঁটছে সফরকারী দল।