অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ১১:৫৫ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ১২:০২ পিএম
চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুরুতেই ভারতের কাছে হোঁচট খান বাংলাদেশের যুবারা। অবশ্য সেই ধাক্কা সামলে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। এবার সুপার সিক্স নিশ্চিত করার মিশনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছেন লাল-সবুজ জার্সিধারীরা। ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন বাংলাদেশের যুবারা। সেই প্রোটিয়া মুলুকেই চার বছর পর আবার শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য টাইগার যুবাদের। গত মাসে ইতিহাস গড়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্বকাপ নিয়ে সমর্থকদের মনে আশাও জাগে বেশ। তবে এবারের আসরে এখন টিকে থাকার লড়াই জুনিয়র টাইগারদের।
এবারের আসরে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারেন টাইগার যুবারা। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামা ভারতকে ব্যাকফুটেও ঠেলে দেন বাংলাদেশের পেসার মারুফ মৃধা। কিন্তু এই পেসারের পাঁচ উইকেটের পরও নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে যান ভারতীয়রা। জয়ের জন্য ২৫২ রানের চ্যালেঞ্জে ভারতের বোলারদের সামনে মোটেও সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। মাঝে আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমস কিছুটা দৃঢ়তা দেখালেও তা প্রয়োজনের তুলনায় ছিল না যথেষ্ট। যে কারণে আরিফুল ৭১ বলে ৪১ ও জেমসের ৭৭ বলে গড়া ৫৪ রানের ইনিংসটির পরও মাত্র ১৬৭ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ান টাইগার যুবারা। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সদ্য এশিয়া চ্যাম্পিয়নদের মতোই খেলেছে বাংলাদেশ। হারলেই বিদায়Ñ এমন সমীকরণ সহজেই মিলিয়েছে মাহফুজুর রহমান রাব্বি ব্রিগেড। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আইরিশদের ৬ উইকেটে হারিয়েছেন লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমে ব্যাট করা কাইন হিলটনের ৯০ রানের লড়াকু ইনিংসে ভর দিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড।
জবাবে আশিকুর রহমান শিবলী ও আদিল বিন সিদ্দিকের ব্যাটে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। কিন্তু এ দুজনের বিদায়ের পর পথ হারানোর জোগাড় হয় জুনিয়র টাইগারদের। মাত্র ১৩০ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এখান থেকে দলকে টেনে তোলেন জোগান আহরার আমিন ও শিহাব জেমস। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে হার না মানা মানসিকতা দেখিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন দুজন। ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কার জেতেন ৫৫ রানে অপরাজিত থাকা শিহাব।
এখন সুপার সিক্সে খেলার আশা বাঁচিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশের। ‘এ’ গ্রুপের টেবিলে ২ ম্যাচে সমান একটি করে জয়-পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও বাংলাদেশের চেয়ে রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে আইরিশরা। ১ ম্যাচেই বড় জয়ে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের যুবারা। আর মার্কিন যুবারা এখনও পয়েন্টশূন্য। বলা বাহুল্য পয়েন্ট টেবিলের তলানিতে দলটি।
ঐতিহ্য ও বর্তমান ফর্ম বিবেচনায় জুনিয়র টাইগারদের সামনে খুব বড় বাধা হয়ে ওঠার কথা নয় যুক্তরাষ্ট্রের। কেননা গুণে-মানে, শক্তি-সামর্থ্যে মার্কিনিদের চেয়ে অনেক এগিয়ে টাইগার যুবারা। তাছাড়া আয়ারল্যান্ডের সঙ্গে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিরোধহীন অবস্থায় আত্মসমর্পণ করেছেন মার্কিন যুবারা। সব মিলিয়ে আজ ফেভারিট হিসেবেই মাঠে নামছে বাংলাদেশ। আর তাই কোনো অঘটন না ঘটলে জয় নিয়েই মাঠ ছাড়ার কথা জুনিয়র টাইগারদের।
অপেক্ষাকৃত দুর্বল হলেও আজকের ম্যাচ নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ শিবির। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই বলেই জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। গতকাল বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় রাব্বি বলেন, ‘যুক্তরাষ্ট্র ভালো ক্রিকেট খেলে। ওদের হালকাভাবে দেখার কিছু নেই। আমরা ওদের সমীহ করছি। কীভাবে নিজেদের খেলায় উন্নতি করা যায় সেটি ভাবছি। দল ফর্মে ফিরলেও উন্নতির আরও অনেক জায়গা রয়েছে বলে মনে করছেন জুনিয়র টাইগার কান্ডারি। তার ভাষায়, ‘সবাই ভালো খেলছে। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। ২০/৩০ রানের ইনিংসগুলোকে বড় করার চেষ্টা করতে হবে। বোলিং ও ফিল্ডিংয়েও আমাদের আরও উন্নতি করা প্রয়োজন।’