প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ২২:১৫ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ১৮:০৭ পিএম
বিমানবন্দরে সানজিদাকে ফুল দিয়ে বরণ করে নেয় ইস্টবেঙ্গল।
'আমাগো বাসায় স্বাগতম, সানজিদা।’ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ নারী ফুটবলার সানজিদা আক্তারের ছবি সংবলিত একটি পোস্ট করে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল এফসি। বাফুফের ‘ইয়েস কার্ড’ এবং ভিসাপ্রাপ্তির পর বৃহস্পতিবার কলকাতার উদ্দেশে দেশ ছাড়েন সানজিদা। বিমানবন্দরে তাকে বরণ করে নেয় ইস্টবেঙ্গল।
দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন সানজিদা। ক্লাবটির সঙ্গে তিনি তিন মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ৩০ জানুয়ারি ওড়িশার বিপক্ষে অভিষেক হবে তার। সানজিদাকে প্রায় প্রতিটি ম্যাচে দেখা যেতে পারে। তার মনোযোগের কেন্দ্রবিন্দুতে আগামী ৯০ দিন।
ভারতের নারী ফুটবল লিগে খেলছেন সানজিদার আরেক সতীর্থ সাবিনা খাতুন। তিনি কিকস্টার্ট এফসিতে ডাক পেয়েছেন। জাতীয় দলের অধিনায়কের ক্লাবের সঙ্গে সানজিদার ইস্টবেঙ্গলের ম্যাচ আগামী ৫ ফেব্রুয়ারি। ম্যাচটিতে দুজনকে একে অন্যের বিপক্ষে লড়াই করতে দেখা যাবে।
সানজিদার ভিসাপ্রাপ্তি এবং প্রথমবার দেশের বাইরে অংশগ্রহণে উচ্ছ্বসিত সাবিনা। ফেসবুকে এক বার্তায় সানজিদাকে অভিনন্দন জানানোর পাশাপাশি লেখেছেন, ‘চলো দেশকে গর্বিত করি।’