প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ২১:০১ পিএম
ফাইল ছবি
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিংয়ে নজরকাড়া পারফরম্যান্স ছিল বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। ৫০ ওভারের ক্রিকেটে সুনাম কুড়ানো সৈকত আশাবাদী ছিলেন টেস্ট আম্পায়ার হিসেবে বড় চ্যালেঞ্জ পাওয়ার। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে।
আগেই জানা গিয়েছিল, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। বৃহস্পতিবার ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে নেমেছেন তিনি। এর মধ্য দিয়ে ক্রিকেটের অন্যতম মোড়ল দেশের মাটিতে টেস্ট ম্যাচ পরিচালনার স্বপ্ন পূরণ হলো এই বাংলাদেশি আম্পায়ারের।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে দারুণ পারফরম্যান্স করে চলেছেন সৈকত। প্রথম কোনো বাংলাদেশি আম্পায়ার হিসেবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।
ইংল্যান্ড-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব ছাড়াও তিনটি ম্যাচে টেলিভিশন আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। সে সব ম্যাচে দারুণ পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন তিনি। যার কারণে এবার সুযোগ পেলেন অস্ট্রেলিয়ার মাটিতে আম্পায়ারিং করার।
ব্রিসবেন টেস্ট ফিল্ড আম্পায়ার হিসেবে সৈকতের সঙ্গে আছেন ভারতের নিতিন মেনন। দিবারাত্রির এই টেস্টে টিভি আম্পায়ারের ভূমিকা পালন করছেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক এবং রিজার্ভ আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার মাইকেল গ্রাহাম-স্মিথ। আর ম্যাচ রেফারি হিসেবে আছেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।