প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ১৮:৩১ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৯:৪৪ পিএম
বিশ্বকাপে আলো ছড়ানো বছরের পুরস্কার পেয়েছেন রাচিন। ছবি : সংগৃহীত
রাচিন রবীন্দ্র নিজেই বললেন, ‘চাপের মাঝে গেছে গত বছর।’ সেই চাপ ভালোই সামলে নিয়েছিলেন নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার। ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন, কিউই দলে পোক্ত করেছেন নিজের জায়গা। এবার পেলেন স্বীকৃতি। বিশ্বকাপে আলো ছড়ানোয় আইসিসি থেকে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রাচিন।
কিউই তারকা পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি, শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশাঙ্কা, ভারতীয় ব্যাটার জস্বশী জয়সওয়ালকে।
সবশেষ বিশ্বকাপে রাচিন ছিলেন দুর্দান্ত। আসরের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। এমনকি কিউইদের হয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। পুরস্কার জিতে তাই উচ্ছ্বসিত রাচিন, ‘এটি স্পষ্টতই একটি বিশেষ অনুভূতি। যখনোই কোনো কিছুর জন্য আইসিসি কর্তৃক স্বীকৃত হবেন, সেটা বিশেষ কিছু। গত বছরটা দারুণ চাপের মধ্যে কেটেছে, বিভিন্ন পরিবেশে এত বেশি ক্রিকেট খেলার সুযোগ পাওয়াটা বিশেষ কিছু ছিল।’
মেয়েদের ক্রিকেটে উদীয়মানের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড। তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের মারুফা আক্তার, ইংল্যান্ডের লরেন বেল ও স্কটল্যান্ডের ডার্সি কার্টারকে। ২০২২ সালের মতো ২০২৩ সালেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মাতিয়েছেন সূর্যকুমার যাদব। আজ বুধবার টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।