প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:৫৭ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ২০:৩৪ পিএম
নাহিদা আক্তার। ছবি : সংগৃহীত
সবশেষ বছরটা বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য সফলই বলা যায়। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা। এরপর পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়। অর্জনের ঝুলিকে সমৃদ্ধ করেছে। আর দেশের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এসেছে প্রথম জয়।
এমন দারুণ কিছু অর্জনের পেছনে স্পিনার নাহিদা আক্তারের অবদান অনেক। বছরের শেষদিকে প্রথম বাংলাদেশি নারী হিসেবে পেয়েছিলেন আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার। এবার আইসিসির ঘোষিত বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা করে নিলেন বাঁহাতি স্পিনার। ২০২৩ সালে ওয়ানডেতে মোট ২০ উইকেট নিয়েছেন নাহিদা। এই ফরম্যাটে এক ক্যালেন্ডার ইয়ারে যা দ্বিতীয় সর্বোচ্চ। দেশে কিংবা দেশের বাইরে সবখানেই স্পিন ঘূর্ণিতে বাজিমাত করেছিলেন নাহিদা।
নারীদের ওয়ানডে দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। দুজন নিউজিল্যান্ডের। আর একজন করে জায়গা পেয়েছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে। বর্ষসেরা দলের অধিনায়ক লঙ্কান ব্যাটার চামারি আতাপাত্তু।
বর্ষসেরা নারী ওয়ানডে দল
ফোব লিচফোর্ড, চামারি আতাপাত্তু (অধিনায়ক), এলিস পেরি, অ্যামেলিয়া কার, বেথ মুনি, ন্যাট শিভার-ব্রান্ট, অ্যাশ গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।