প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ১৫:৪৭ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১৬:০৩ পিএম
লাতিন অঞ্চলের অলিম্পিক বাছাইয়ে প্যারাগুয়ের কাছে ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। ৬৭ মিনিটে দিয়েগো গোমেজের গোলে পিছিয়ে পড়ার পর ৯০ মিনিটে কোনোরকমে আর্জেন্টিনার মান বাঁচান লুসিয়ানো গুনদো।
১-১ গোলের ড্রয়ের ম্যাচে প্রথমার্ধে দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আলবেসেলিস্তারা। উল্টো ৬৭ মিনিটে পেনাল্টি থেকে ডেডলক ভাঙে প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধে রিভার প্লেটের ক্লদিও এচেভেরিকে মাঠে নামান মাশ্চেরানো। ম্যাচ ঘড়ির ৯০ মিনিটে এচেভেরি কাস্ত্রোকে বল বাড়ান। কাস্ত্রোর পা হয়ে বল যায় গুনদোর কাছে, যিনি গোল করে আর্জেন্টিনার সম্মান রক্ষা করেন।
ম্যাচ শেষে সুযোগ নষ্ট এবং তিন পয়েন্ট তুলতে না পারার ক্ষোভ ঝাড়েন কোচ মাশ্চেরানো, ‘আমরাই ভালো খেলছি। প্রথম ১৫-২০ মিনিটে বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি। দ্বিতীয়ার্ধে যা আমাদের ভুগিয়েছে।’
আর্জেন্টিনার পরের ম্যাচ বুধবার পেরুর বিপক্ষে। ‘এ’ গ্রুপে থাকা ব্রাজিলের প্রথম ম্যাচ আগামীকাল, প্রতিপক্ষ বলিভিয়া।