প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ০২:২৪ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১১:২০ এএম
চলতি মৌসুমে ১৪ গোল করেছেন জুড বেলিংহাম। ছবি : এক্স
লার্গি রামাজানি ও এডগার গঞ্জালেসের গোলে প্রথমার্ধে ২-০-তে এগিয়ে যায় আলমেরিয়া। সান্তিয়াগো বার্নাব্যুতে যে দলটি এর আগে কোনো দিন জয়ের স্বাদ পায়নি প্রথমার্ধ শেষে সেই আক্ষেপ মেটানোর আশা নিয়ে বিরতিতে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের আশা হতাশায় পরিণত করেছেন দুর্দান্ত ছন্দে থাকা জুড বেলিংহাম, ভিনিসিয়ুসরা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
রবিবার রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য এ জয়ে দলকে দারুণভাবে অনুপ্রাণিত করেছেন এ মৌসুমেই বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে রিয়ালে যোগ দেওয়া বেলিংহাম। খেলার ৫৭ মিনিটে প্রথম গোল পরিশোধ করেন তিনি। এরপর দলের জয়সূচক গোলে কারবাহালকে অ্যাসিস্ট করেন ইংলিশ তারকা। চলতি মৌসুমে এ নিয়ে ১৪ গোল পেলেন ২০ বছর বয়সি মিডফিল্ডার। এর আগে ৬৭ মিনিটে দলকে সমতায় ফেরানো গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়ুস।
নাটকীয় জয়ে জিরোনাকে ছাড়িয়ে লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল। তবে ঘরের মাঠে সেভিয়াকে হারাতে পারলে ফের শীর্ষস্থান দখলে নেবে জিরোনা।