যুব বিশ্বকাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৮:৩৬ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১৯:০৮ পিএম
উচ্ছ্বসিত মারুফ মৃধা
দারুণ বোলিং করলেন মারুফ মৃধা। দেখালেন পেস ঝড়। শিকার করলেন পাঁচ উইকেট। তবে তার ফাইফার পাওয়ার দিনেও দাপুটে ব্যাটিং করেছে ভারত। গড়েছে বড়সড় পুঁজি। যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭ উইকেট হারিয়ে ভারতীয়রা পেয়েছে ২৫১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।
ব্লুমফন্টেইনে টস জিতে বোলিং বেছে নিয়ে ভারতের ইনিংসের শুরুতেই তোপ দাগান মারুফ। দলীয় ৩১ রানেই ফেলে দেন প্রতিপক্ষের আর্শিন কুলকার্নি ও মুশির খানের উইকেট। দুজনে ১০ রানের বেশি তুলতে পারেননি। দলের এমন বিপদের সময় ব্যাটিং লাইন-আপের হাল ধরেন আদশ সিং। তারকা এ ওপেনারকে সঙ্গ দেন উদয় সাহারন। দুজনের দুরন্ত দুটি ফিফটিতে বিপদ কাটিয়ে উঠে ভারত। ১৪৪ বলে দুজনের ১১৬ রানের জুটিতে গড়ে বড় সংগ্রহের ভিত।
আদর্শ খেলেন ৭৬ রানের দুর্বার এক ইনিংস। তার ৯৬ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। তার পার্টনার উদয় উপহার দেন ৬৪ রানের চমৎকার এক ইনিংস। ৯৪ বলে ৪ বাউন্ডারিতে সাজান তিনি দাপুটে এ ইনিংস। ভারতের অন্য কেউ অবশ্য বড় ইনিংস এনে দিতে পারেননি। শচীন দাস অপরাজিত থেকে যান ২৬ রান নিয়ে। প্রিয়াংশু মলিয়া ও আরাভেলি অভনিশ দলীয় স্কোরে যোগ করেন সমান ২৩ রান করে। তাতেই নির্ধারিত ৫০ ওভার শেষে ২৫১ রানের লড়াকু স্কোর গড়ে ভারত।
বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন মারুফ। ৮ ওভারে বল করে বেশ খরুচে ছিলেন তিনি। দেন ৪৩ রান। তবে একটি মেডেনও পান মারুফ। লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে অন্য কোনো বোলার অবশ্য সুবিধা করতে পারেননি। রিজওয়ান চৌধুরী ও শেখ পারভেজ জীবন নেন একটি করে উইকেট।