প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১০:৪১ এএম
ড্যারিল মিচেল। ছবি : এক্স
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা চারটি ম্যাচই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচের আগে দলে এসেছে কিছু পরিবর্তন। ইনফর্ম ব্যাটার ড্যারিল মিচেলকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার রাচিন রবিন্দ্র। শুক্রবার খবরটি নিশ্চিত করেছে কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড।
এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত্র হয়েছেন ডেভন কনওয়ে। যে কারণে চতুর্থ ম্যাচটি খেলতে পারেননি তিনি। শেষ ম্যাচেও তাকে পাচ্ছে না নিউজিল্যান্ড। এদিকে ক্রিকেটারদের ওয়ার্কলোড বিবেচনা করে বিশ্রাম পরিস্থিতি বিবেচনা করে একেক জনকে বিশ্রামে রাখছেন গ্যারি স্টিড। গত বছর আগস্টের পর থেকে নিউজিল্যান্ডের খেলা সব ফরম্যাট মিলিয়ে ৩৪ ম্যাচের মধ্যে ২৮ ম্যাচেই খেলেছেন মিচেল। যে কারণে তার বিশ্রাম পাওয়া আবশ্যক ছিল। প্রধান কোচ স্টিড বলেছেন, ‘আমরা ড্যারিলকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছি। সে আমাদের তিন ফরম্যাটের ক্রিকেটার। মৌসুমে আরও অনেক ক্রিকেট বাকি আছে। সেখানে তার সতেজ উপস্থিতি রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া। আর তা ছাড়া আমরা সিরিজটি ইতোমধ্যে জিতে গেছি। যে কারণে এই সিদ্ধান্তে আসা আমার জন্য সহজ হয়েছে।’
পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের চার ম্যাচে ব্যাট করে দুটিতেই হাফ সেঞ্চুরি তুলে নেন মিচেল। তার জায়গায় সুযোগ পাওয়া রাচিনও ছন্দেই আছেন। ভারত বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এছাড়া অকল্যান্ডের হয়ে সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্ট খেলেছেন তরুণ এই অলরাউন্ডার। তাকে বিবেচনায় নিয়ে স্টিড বলেছেন, ‘আমরা মিচেলের পরিবর্তে সিরিজের শেষ ম্যাচের জন্য রাচিনকে পরিচয় করিয়ে দিতে চাই। সে আমাদের সঙ্গেই ছিল, মাঝখানে তাকে বিরতি দেওয়া হয়েছিল। সে দলে তার দায়িত্ব সম্পর্কে অবগত আছে। আগে যেমনটা খেলেছে আশা করি সেটাই টেনে নিতে পারবে।’