প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ২০:১২ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের জন্য অনাপত্তি পাননি
ফখর জামান, ইফতিখার আহমেদ ও মোহাম্মদ হারিস। তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ফখর ফরচুন বরিশাল, ইফতিখার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং হারিস চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের
সঙ্গে চুক্তিবদ্ধ আছেন।
পাকিস্তানের জিও সুপার জানিয়েছে, ফখর-ইফতিখারদের অনাপত্তিপত্র
না দেওয়া হলেও বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের বিপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের
বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশে আসার কথা এ দুজনের। বাবর রংপুর
রাইডার্স এবং রিজওয়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন।
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা একজন খেলোয়াড়কে পিএসএলসহ বছরে তিনটি লিগ খেলার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু সর্বশেষ চুক্তি হয়েছে গত বছরের নভেম্বরে, যে সময়ের আগেই অনেক ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন। পিসিবির মিডিয়া ডিরেক্টর আলিয়া রাশিদ ডন নিউজকে জানান, দেরিতে কেন্দ্রীয় চুক্তি হওয়ায় এক বছরের জন্য অনাপত্তিপত্র দেওয়ার শর্ত শিথিল করা হয়েছে।