প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৩:৫৯ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৫:৪৩ পিএম
ফিল সল্টকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফাইল ছবি
মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। আগামীকাল দুপুর আড়াইটায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের। এরই মাঝে শেষ মুহূর্তে ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফিল সল্টকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সমাজমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে ফিল সল্টকে দলে ভেড়ানোর খবরটি জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ২৭ বছর বয়সি এ ইংলিশ উইকেটকিপার-ব্যাটার প্রথমবার বিপিএল খেলতে আসছেন। তিনি সর্বশেষ ক্যারিবীয় সফরের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচে শতক হাঁকিয়েছিলেন।
এদিকে ২০২২ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সল্ট। যেখানে দুটি শতকের পাশাপাশি দুটি অর্ধশতকও রয়েছে তার। ইংল্যান্ডের ঘরোয়া লিগে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেন সল্ট। ২০২৩ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন এ ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার।
এদিকে গতবারের মতো এবারও বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেবেন শুভাগত হোম চৌধুরী। জাতীয় দলের সাবেক এ অলরাউন্ডারের কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি দলটি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড : শুভাগত হোম (অধিনায়ক), জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানউজ্জামান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, শহিদুল ইসলাম, স্টিফেন এসকিনাজি, ফিল সল্ট, কার্টিস ক্যামফার, বিল্লাল খান ও আভিশকা ফার্নান্দো।