প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৩:৩৭ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৩:৩৮ পিএম
গাজী টিভি এবং টি স্পোর্টসে বিপিএল দেখতে পারবেন দর্শকরা; ছবি: সংগৃহীত
বেজে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট এখন শুধু মাঠে গড়ানোর অপেক্ষা। আগামীকাল দুপুরে আড়াইটায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের দশম আসরের। এরপর সন্ধ্যা সাতটায় দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই আসরের খেলা কোন টিভিতে দেখাবে, তা জানার আগ্রহ ছিল অনেকের। তবে এবার বিপিএলের খেলা শুধু টিভিতে দেখাবে না, পাশাপাশি সুযোগ আছে অনলাইনে দেখারও।
বিপিএলের মিডিয়া রাইটস এবার কিনে নিয়েছে গাজী টিভি এবং টি স্পোর্টস। টিভিতে এই দুই চ্যানেলে খেলা দেখতে পারবেন দর্শকরা। এছাড়া অনলাইনে খেলা উপভোগ করা যাবে টি-স্পোর্টস অ্যাপ এবং র্যাবিটহোল অ্যাপে।
ঘরের মাঠে বাংলাদেশের খেলা প্রায়ই দেখায় র্যাবিটহোল অ্যাপ। এছাড়া গাজী টিভি এবং টি স্পোর্টসও সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে। এবার বিপিএলেও সম্প্রচারের দায়িত্ব থাকবে তাদের কাঁধে।
এবারও বিপিএলে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের ৩ ভেন্যূ- ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৭ ফ্র্যাঞ্চাইজির প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে।
এবারের আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকার দল দুর্দান্ত ঢাকা। এ ছাড়া গত আসরের ছয় ফ্র্যাঞ্চাইজি থাকছে এবারও। সেগুলো হলো : কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স।