অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ০৯:৫১ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১১:৪১ এএম
ফাইল ছবি
কিছুদিন আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফলে টাইগার যুবাদের চোখে এখন বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন। কিন্তু যুব বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রথম প্রস্তুতি ম্যাচেই হোঁচট খেয়েছিলেন তারা। শ্রীলঙ্কার কাছে ১১২ রানে হেরে কিছুটা ব্যাকফুটে ছিল মাহফুজুর রহমান রাব্বির দল। তবে মূল লড়াইয়ে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
বুধবার (১৭ জানুয়ারি) প্রিটোরিয়ায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭.১ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ৩২.১ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যান বাংলাদেশের যুবারা। ২০ জানুয়ারি বিশ্বকাপ অভিযানে নিজেদের প্রথম ম্যাচে ভারতের যুবাদের মুখোমুখি হবেন শিবলী-আরিফুলরা।
অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন হার্জাস সিং। এ ছাড়া অধিনায়ক হুগ ওয়েবগেন ৩১, কৌরি ওয়াসলি ২৮ ও ওপেনার স্যাম কনসটাস ২৭ রান করেন। আর কোনো ব্যাটার ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
এদিন অজিদের অল্পতেই আটকে ফেলার পেছনে বড় অবদান রাখেন পেসার রোহানাত দৌলা বর্ষণ। ডান হাতি এ পেসার হ্যাটট্রিকসহ একাই ৪ উইকেট শিকার করেন। এ ছাড়া অধিনায়ক রাব্বি ২টি এবং ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রাফি উজ্জামান রাফি, শেখ পারভেজ জীবন ১টি করে উইকেট পান।
এরপর ১৬৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যাটাররা মাঝারি মানের ইনিংস খেলে বিদায় নেন। আশিকুর রহমান শিবলী ১৯, আদিল বিন সিদ্দিক ২০, জিসান আলম ২৩, আরিফুল ইসলাম ১৫ ও আহরার আমিন ৯ রান করে বিদায় নেন।
তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ফিফটি হাঁকিয়ে এ ব্যাটার ৫৯ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন। শিহাব জেমস অপরাজিত থাকেন ১৬ বলে ১১ রানে।