× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেডারেশন কাপ

আবাহনীর গোল উৎসবের দিনে জয় পেয়েছে মোহামেডান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৮:৪৭ পিএম

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে হ্যাটট্রিক করেন আবাহনীর ওয়াশিংটন ব্রান্দাও দি সান্তোস।  ছবি : আ ই আলীম

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে হ্যাটট্রিক করেন আবাহনীর ওয়াশিংটন ব্রান্দাও দি সান্তোস। ছবি : আ ই আলীম

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপে যাত্রা শুরু করল মোহামেডান। যদিও শুরুতেই তারা পিছিয়ে পড়েছিল। তবে দুর্দান্ত প্রচেষ্টায় শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে সাদা-কালো জার্সিধারীরা। দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে গোল উৎসব করেছে আবাহনী লিমিটেড। ৬-০ গোলের জয়ে হ্যাটট্রিক পেয়েছেন ওয়াশিংটন ব্রান্দাও দি সান্তোস। জোড়া গোল করেছেন স্টুয়ার্ট কর্নেলিয়াস। 

প্রিমিয়ার লিগে সেভাবে ছন্দ খুঁজে না পেলেও ফেডারেশন কাপে নিজেদের আগ্রাসী মনোভাবের জানান দিল আবাহনী। তাতে স্রেফ উড়ে গেল ব্রাদার্স। বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় আবাহনী-ব্রাদার্স। যেখানে শুরু থেকেই আক্রমণের পসরা মেলে আবাহনী। খেলার ১৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় আকাশি নীল জার্সিধারীরা। সতীর্থের ক্রসে লক্ষ্যভেদ করেন জীবন। যদিও তার হাতে বল লাগার দাবি করে ব্রাদার্স, কিন্তু সেই আবেদনে সাড়া দেননি রেফারি।

রক্ষণ সামলাতে ব্যস্ত ব্রাদার্স দ্বিতীয় গোল হজম করে ৩১ মিনিটে। দলের হয়ে এবার গোল করেন ওয়াশিংটন। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধে দলটির তুমুল আক্রমণে আরও কোণঠাসা হয়ে পড়ে ব্রাদার্স। ৭১তম মিনিটে জোরাল শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ওয়াশিংটন। দুই মিনিট পরই হ্যাটট্রিক পূরণ করেন তিনি। জোনাথনের ফ্রি কিকে রবিউল হাসানের শট প্রতিহত হওয়ার পর কয়েক পা ঘুরে বল পেয়ে যান ওয়াশিংটন। গোলমুখ থেকে অনায়াসে জাল খুঁজে নেন তিনি। শেষের দিকে জ্বলে ওঠেন কর্নেলিয়াস। ৮২ ও ৮৬ মিনিটে দুটি গোল করেন তিনি। তাতে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে এই প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়নরা।

দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডানকে মোকাবিলা করে চট্টগ্রাম আবাহনী। যেখানে আজিজ আবোলাজি আবুর গোলে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান জাফর ইকবাল। এরপর ম্যাচের ভাগ্য গড়ে দেন ছন্দে থাকা মোজাফফর মোজাফফরভ।

মোহামেডানের শুরুটা এদিন ছিল বেশ সাদামাটা। লিগে ছন্দে থাকা দলটি ১৩তম মিনিটে সেট পিস থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে। এরপর মোহামেডানের খেলায় কিছুটা গতি ফেরে। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেন জাফর। ১-১ গোলের সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় সাদা-কালো জার্সিধারীরা। এরপর ৫৫ মিনিটে কাঙ্খিত গোল পেয়েও যায় প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ ১১ বারের চ্যাম্পিয়ন মোহামেডান। ম্যাচে দুটি সুযোগ হাতছাড়া করা উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ এবার আর ভুল করেননি। দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন তিনি। বাকি সময়টা এক গোলের লিড ধরে রাখার চেষ্টা চালায় মোহামেডান। তাতে সফলও হয় দলটি। শেষ পর্যন্ত ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা