প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১২:৩৮ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ১২:৪২ পিএম
সাদিও মানে ও রিয়াদ মাহরেজ। ছবি: সংগৃহীত
আফ্রিকা নেশনস কাপে নিজের উদ্বোধনী ম্যাচে পয়েন্ট হারিয়েছে রিয়াদ মাহরেজের আলজেরিয়া। সোমবার রাতে আনগোলোর বিপক্ষে ম্যাচটি ড্র হয় ১-১ ব্যবধানে। ডি গ্রুপ থেকে এটিই ছিল প্রথম ম্যাচ। এদিকে সি গ্রুপ থেকে নিজেদের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে সাদিও মানের সেনেগাল।
সাদিও মানের দুর্দান্ত পারফরম্যান্সে দলটি ৩-০ গোলে হারিয়েছে গাম্বিয়াকে। খেলায় গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন সাবেক লিভারপুল তারকা। যিনি বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আল নাসরের হয়ে খেলছেন।
এদিকে আনগোলার বিপক্ষে ম্যাচে আগে লিড নিয়েছিল আলজেরিয়া। ১৮ মিনিটে বাগদাদ বোনেদজার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলজেরিয়া। গোলটিতে অ্যাসিস্ট করেন মোহাম্মদ ইউসুফ বেলালি। লিড ধরে রেখে বিরতিতে যায় জামেল বেলমাদির শিষ্যরা।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে খেলে আলজেরিয়া। কিন্তু গোলের দেখা পায়নি। ৬৮ মিনিটে স্পট কিক থেকে আলজেরিয়ার জাল কাঁপিয়ে দেন মাবুলুলু। ১-১ স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আনতে পারেনি দুই দল। যদিও এই ম্যাচে ১৬টি শট নিয়েছিল আলজেরিয়া। যার তিনটি ছিল অন টার্গেটে।
দলের পয়েন্ট হারানোর ম্যাচে নিস্প্রভই থেকেছেন সাবেক ম্যানচেস্টার সিটির রাইট উইঙ্গার রিয়াদ মাহরেজ। যিনি সবশেষ মৌসুমে ম্যানসিটি থেকে যোগ দিয়েছেন সৌদি প্রো লিগে।
রাতের অন্য খেলায় ঘানা ২-১ গোলে হেরেছে কেপ ভাদ্রের বিপক্ষে। ক্যামেরুন ১-১ গোলের অপ্রত্যাশিত ড্র করেছে গিনি বিসাউয়ের বিপক্ষে। ১০ জনের দলকে পেয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কাতার বিশ্বকাপে ব্রাজিলকে হারানো ক্যামেরুন।