প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১২:১২ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ১২:১৭ পিএম
আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে চলতি মৌসুমে এভারটনের ১০ পয়েন্ট কর্তন করে লিগ কর্তৃপক্ষ। তার বিপরীতে ক্লাব সমর্থকরা প্রায়ই প্রিমিয়ার লিগ বিরোধী বিক্ষোভ করেছেন। ছবি : এক্স
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন এবং নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ২০২২-২৩ মৌসুমে উভয় ক্লাবের অ্যাকাউন্টে লাভ-লোকসানে জটিলতা বিষয়ক এবং টেকসই নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযোগটি একটি স্বাধীন কমিশনের কাছে পাঠানো হয়েছে। লিগের প্রবিধানের অধীনে অভিযোগ প্রমাণিত হলে ১০০ থেকে ১৫০ মিলিয়ন পাউন্ড জরিমানা হতে পারে। এ ছাড়া পয়েন্ট হারানোর ঝুঁকিও রয়েছে।
চলতি মৌসুমে এরই মধ্যে প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ১০ পয়েন্ট কর্তন হয়েছে এভারটনের। তার বিরুদ্ধে যদিও আপিল করেছে ক্লাবটি। তবে তার শুনানি এখনও হয়নি। এরই মধ্যে নতুন করে খড়্গ নামতে চলেছে। প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে বলেছে, ‘এভারটন এবং নটিংহ্যাম ফরেস্ট উভয়ই নিশ্চিত করেছে যে তারা লিগের আয়ব্যয়ের হিসাবে এবং স্থায়িত্বের নিয়ম লঙ্ঘন করছে।’
অভিযোগের বিপরীতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জমা দেওয়ার জন্য এখন থেকে ১৪ দিন সময় পাবে ক্লাব দুটি। তবে লিগের নিয়ম অনুসারে ১২ সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে হবে। আপিল শুনানি অবশ্যই চলতি বছরের ২৪ মে’র আগে হতে হবে।
এভারটন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ১৭তম। লুটন টাউন থেকে মাত্র ১ পয়েন্ট ওপরে আছে, রেলিগেশন জোনে থাকা দলটি একটি ম্যাচ বেশি খেলেছে। নটিংহ্যাম ফরেস্ট রেলিগেশন জোন থেকে ৪ পয়েন্ট দূরে রয়েছে।