প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ২০:০৯ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ২০:০৯ পিএম
আগামীকাল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আসরের অন্যতম দুই দল প্রথমবার খেলবে প্রস্তুতি ম্যাচ— সংগৃহীত ছবি
বেজে গেছে চার-ছক্কার আসর বিপিএলের দামামা। ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া আসর লক্ষ্য রেখে নিজেদের মতো প্রস্তুত হচ্ছে সাত ফ্রাঞ্চাইজি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের অনুশীলন এ কদিনে কতটা হলো, তা পরখ করতে মুখোমুখি হচ্ছে দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্স। আগামীকাল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আসরের অন্যতম দুই দল প্রথমবার খেলবে প্রস্তুতি ম্যাচ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তাসকিন-শরিফুলদের বিপক্ষে লড়বে নুরুল হাসান সোহানরা। আসন্ন বিপিএলে এবারই প্রথমবার টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে যেকোনো দল। খেলাটি সরাসরি ইউটিউবে সম্প্রচার হওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে রংপুর। দলটির সূত্র নিশ্চিত করেছেন, চোখের ডাক্তার দেখাতে লন্ডন যাওয়া সাকিবের ম্যাচটি খেলার সম্ভাবনাও ক্ষীণ।
দুর্দান্ত ঢাকা এবং রংপুর রাইডার্স আশাবাদী প্রস্ততি ম্যাচটি তাদের মূল আসরে খেলতে সহায়ক হবে। নতুন মালিকানাধীন ঢাকা গতবার ছিল টেবিলের তলানির দল হয়ে। এবারও কাগজে কলমে খুব একটা শক্তিশালী দল হয়ে ওঠেনি। তবে নিজেদের প্রস্তুতিতে ঘাটতি রাখছে নারাজ তারা।
দলের অন্যতম পেসার তবুও আশাবাদী, যে দল আছে তা নিয়েই সেরা চারকে পাখির চোখ করেছেন তারা, ‘আমাদের টিম ভালোই আছে। এখন তো অলরেডি ড্রাফট সব শেষ, খুব ভালো হয়েছে। যা আছে এটা নিয়েই লড়াই করতে হবে। চেষ্টা করব এই দল নিয়েই ভালো কিছু করার।’
নিজস্ব প্র্যাকটিস ভেন্যু। সবার আগে অনুশীলন। কিট কিংবা লোগো উন্মোচন। সবদিকেই সবার আগে রংপুর রাইডার্স। নবম সংস্করণে প্লে-অফে ওঠা ফ্র্যাঞ্চাইজিটির দশমে লক্ষ্য শিরোপা। সাকিব আল হাসান, বাবর আজম ও নিকোলাস পুরানের মতো বিশ্বনন্দিত ব্র্যান্ড রংপুর শিবিরে। মূল ম্যাচের মতো করে খেলা প্রস্তুতি ম্যাচেও আত্মবিশ্বাস জোগাবে বলে আশাবাদী রাইডার্সরা।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। আসর শুরুর তিনদিন আগে উদ্বোধনী দিনের সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি। ১৯ জানুয়ারি শুক্রবার প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে দুর্দান্ত ঢাকা— ম্যাচটি হওয়ার কথা ছিল দুপুর ২টায়, সেটি ৩০ মিনিট পেছানো হয়েছে। দ্বিতীয় ম্যাচটিতেও এসেছে বদল। সন্ধ্যা ৭টার বদলে সিলেট সিক্সার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচটি মিরপুরে গড়াবে সন্ধ্যা সাড়ে সাতটায়।