× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

প্রস্তুতির শুরুতেই বড় হার বাংলাদেশের যুবাদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১৭:০৬ পিএম

প্রস্তুতির শুরুতেই বড় হার বাংলাদেশের যুবাদের

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের যুবারা। এবারও প্রোটিয়া মুল্লুকে যুবা বিশ্বকাপ হওয়ায় শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য টাইগার যুবাদের। কিন্তু মূল লড়াই শুরুর আগে খানিকটা ধাক্কাই খেল যুবারা। প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো কোনো পারফরম্যান্স কিংবা আত্মবিশ্বাসের রসদ, কিছুই পাওয়া হলো না। এক মাস আগে যুব এশিয়া কাপে যে দলকে সহজে হারিয়েছে বাংলাদেশ, সেই শ্রীলঙ্কার কাছেই এবার স্রেফ উড়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা। 

রবিবার (১৪ জানুয়ারি) প্রিটোরিয়ায় বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ২৩৮ রান।  এরপর বাংলাদেশ রান তাড়ায় ৩৬.২ ওভারে ৯ উইকেটে ১১৯ রান তোলার পর বৃষ্টির কারণে আর খেলা হতে পারেনি। তবে লঙ্কানদের জয় অবশ্য আগেই অনেকটা নিশ্চিত হয়ে যায়। ডাকওয়ার্থ-লুইস-পদ্ধতিতে ১১২ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামী ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে  মাহফুজুর রহমান রাব্বিরা। 

এদিন প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার পুলিন্দু পেরেরা ও ভিশেন হালাম্বাগে। উদ্বোধনী জুটিতে ৫৫ রানের জুটি গড়েন তারা দুজন। ৬ চারে ৩০ রান করা হালাম্বাগেকে ফিরিয়ে নবম ওভারে জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। তিনে নামা অধিনায়ক সিনেথ জায়াওয়ার্দেনাকে ৯ রানে ফেরান চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। তবে একপ্রান্ত আগলে ধরে ৬৩ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন ওপেনার পুলিন্দু পেরেরা। এরপরই তাকে বোল্ড করেন লেগ স্পিনার ওয়াসি সিদ্দিক।

এরপরও ৩০ ওভারে ৩ উইকেটে দেড়শ ছাড়িয়ে শ্রীলঙ্কানরা মসৃণভাবেই এগিয়ে যাচ্ছিল।  কিন্তু বাংলাদেশের যুবাদের সম্মিলিত প্রচেষ্টায় ঘুরে দাঁড়ায় দারুণভাবে। চারে নামা রাভিশান ডি সিলভা ৪৭ বলে ২৮ রান করেন। ছয়ে নামা দিনুরা কালুপাহানা ৪৬ বলে ৩৪ রান করেন। পরের ব্যাটসসম্যানদের আর কেউ সেভাবে ভালো করতে পারেননি। ফলে ১৯৮ রানের মধ্যে ৭ উইকেট হারায় তারা। 

পরে লোয়ার অর্ডারদের চেষ্টায় স্কোরবোর্ড টেনে নিয়ে যায় ২৩৮ পর্যন্ত। 

প্রস্তুতি ম্যাচ বলেই বাংলাদেশের কোনো বোলার কোটার পুরোটা বোলিং করেননি। বল হাতে লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী ২টি উইকেট শিকার করেন। এছাড়া ইমন, বর্ষন, রিজওয়ান ও রাফি পান একটি করে উইকেট। 

এরপর ব্যাট হাতে মোটামুটি ভালই শুরু করেছিল টাইগার যুবারা। কিন্তু এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে সেঞ্চুরি করা ওপেনার আশিকুর রহমান শিবলী ফেরেন ২৭ বলে ১১ রানে। ওপেনিংয়ের সুযোগ পেয়ে আদিল বিন সিদ্দিক করেন ১৫।

তিনে নেমে স্বভাতজাত আগ্রাসী কিছু শট খেলেন জিসান আলম। তবে যথারীতি ইনিংস বড় করতে পারেননি তিনি। দুটি করে চার ও ছক্কায় ২৭ বলে ২৬ করে বিদায় নেন তিনি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৮, আহরার আমিন ৮ ও উইকেটকিপার আশরাফউজ্জামান ১ রান করেন। পাঁচে নামা আরিফুল ইসলামের ১১ ও দশে নামা মোহাম্মদ শিহাব জেমসের ১২ ছাড়া আর কেউ দু অঙ্ক ছুঁতেও পারেননি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৯ ওভারে ২৩৮/৯ (পেরেরা ৫০, কালুপাহানা ৩৪, হালাম্বাগে ৩০, রভিশান ২৮; ইমন ৬-১-৩৪-১, মারুফ ৬-০-৪০-১, রোহনত ৬-০-৩৬-০, রিজওয়ান ৪-১-১৬-১, পারভেজ ৮-০-২৯-০, ওয়াসি ৬-১-২৬-২, রাফি ৭-০-২৪-১, মাহফুজুর ৬-০-২৪-০)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৩৬.২ ওভারে ১১৯/৯ (আশিকুর ১১, আদিল ১৫, জিসান ২৬, রিজওয়ান ৮, আরিফুল ১১, আহরার ৮, আশরাফুজ্জামান ১, মাহফুজুর ৪, পারভেজ ৮, শিহাব ১২, ওয়াসি ৫*; হালাম্বাগে ৬.১-০-২৮-৩, পেরেরা ৪.৫-২-৫-২)।

ফল: বৃষ্টি আইনে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ১১২ রানে জয়ী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা