বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ২০:৩৪ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ২১:০৩ পিএম
নিজস্ব প্র্যাকটিস
ভেন্যু। সবার আগে অনুশীলন। কিট কিংবা লোগো উন্মোচন। সবদিকেই সবার আগে রংপুর রাইডার্স।
নবম সংস্করণে প্লে-অফে ওঠা ফ্র্যাঞ্চাইজিটির দশমে লক্ষ্য শিরোপা। সাকিব আল হাসান, বাবর
আজম ও নিকোলাস পুরানের মতো বিশ্বনন্দিত ব্র্যান্ড রংপুর শিবিরে। পঞ্চমের শিরোপাজয়ীরা
যে এবার অন্যদের চেয়ে আলাদা সে কথাই বলেছেন রাইডার্সদের অন্যতম সারথি শামীম হোসেন পাটোয়ারী।
১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই তরুণের মতে, ‘আমরা সবার চেয়ে আলাদা। সবার আগে
অনুশীলন শুরু করেছি। আমাদের বন্ধন খুবই মজবুত, যা একটি টিমের জন্য গুরুত্বপূর্ণ।’
রবিবার (১৪ জানুয়ারি) নিজস্ব প্র্যাকটিস গ্রাউন্ড বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন শেষে সাংবাদিকদের
নানা প্রশ্নের উত্তর দেন শামীম। বিপিএল দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করা
শামীম কথা বলেছেন পাওয়ার হিটিং এবং নিজের ফিনিশিং রোল নিয়ে, ‘জায়গাটা (বিপিএল) নিজেকে
প্রস্তুত করার জন্য উপযুক্ত। এখানে ইচ্ছামতো ব্যাটিংয়ের সুযোগ পাওয়া যায়। বিপিএল নিয়ে
তেমন একটা পরিকল্পনা নেই। টিম যেখানে ভালো মনে করে সেখানে নামাবে। যেখানেই ব্যাটিং
করি ভালো ফিনিশিং উপহার দেওয়ার চেষ্টা করব। আর পাওয়ার হিটিং নিয়ে নিয়মিত কাজ করছি।
যাতে আন্তর্জাতিক ম্যাচে কোনো সমস্যায় পড়তে না হয়।’
জাতীয় দলে সুযোগ
পেয়েও নিজেকে সেভাবে তুলে ধরতে পারেননি। এটা স্রেফ ‘দুর্ভাগ্য’ নাকি শামীমের ব্যক্তিগত
সমস্যা। ২৩ বর্ষী তরুণের উত্তর, ‘শেষ কয়েকটা ম্যাচে টানা ভালো খেলেছি। দুয়েকটা ম্যাচে
খারাপ হতেই পারে। আপসেট হওয়ার সুযোগ নেই। নিজেকে কামব্যাক করার অনেক সুযোগ আছে। যেখানে
ব্যাটিং করি সেখানে রান সেট করা থাকে না। টিমের পরিস্থিতি বুঝেই খেলতে হয়।’
শিগগিরই দলের
সঙ্গে যোগ দেবেন বাবর-পুরান। কিন্তু টি-টোয়েন্টি সংস্করণে সবচেয়ে বেশি প্রয়োজন ‘পাওয়ার
হিটিং’, যা টিমের অন্য কোনো খেলোয়াড়ের মাঝে নেই। যে কারণে ঘুরিয়ে ফিরিয়ে শামীমের নামটি
উচ্চারিত হচ্ছে। ব্যাপারটি বাড়তি অস্বস্তিতে ভোগাবে কি না তাকে, ‘প্রেসারের কিছু নেই।
আমি সেভাবেই প্রস্তুত হচ্ছি। যেকোনো সময় যেকোনো পজিশনে নামতে পারি।’
শামীমের সবচেয়ে বড় গুণ থ্রিসিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে শট নেওয়ার সক্ষমতা। সমস্যা হচ্ছে দুয়েকটি শটের পরই ইনিংসের পরিসমাপ্তি ঘটে। এবার অবশ্য বাড়তি সতর্ক শামীম, এবার এমন ভুল কমিয়ে আনার চেষ্টা করব। ম্যাচ শেষ করে কীভাবে ফেরা যায় সে প্রচেষ্টা থাকবে।