× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টেডিয়াম নয়, খেলার মাঠকে প্রাধান্য দিতে চান পাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ১৮:৫৪ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ১৯:৩৪ পিএম

স্টেডিয়াম নয়, খেলার মাঠকে প্রাধান্য দিতে চান পাপন

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাদের স্টেডিয়ামসহ যথেষ্ট পরিমাণ ক্রীড়া অবকাঠামো রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে স্টেডিয়ামের চেয়েও আমাদের খেলার মাঠ বেশি জরুরি। যেটি আমাদের তরুণ প্রজন্মসহ সকলের জন্য উন্মুক্ত থাকবে। খেলোয়াড় সৃষ্টিতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করা হবে।’  

রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের নবনিযুক্ত যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন।

সকল ধরনের খেলাধুলাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘ফুটবল ক্রিকেটসহ অন্যান্য খেলাতেও আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে। তবে প্রাথমিকভাবে আমাদের অগ্রাধিকার ঠিক করতে হবে। বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, যারা আমাদের থেকে আর্থিক সহায়তা নিয়ে থাকে তাদের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে।’ 

’তিন বছর পর তারা কোথায় যেতে চায়, কী অর্জন করতে চায় সেটি তাদের জানাতে হবে। আমি অল্প সময়ের মধ্যেই ইনডিভিজুয়ালি প্রতিটি ফেডারেশনের সঙ্গে বসব। তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনবো’- যোগ করেন পাপন। 

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক ফেডারেশন ভালো ফলাফল করছে। আমাদের ফুটবল এগিয়ে যাচ্ছে। বিশেষ করে নারী ফুটবলাররা ভালো করছে। ছেলেরাও উন্নতি করেছে। শুটিং, আর্চারিসহ আরও অনেকে উন্নতি করছে। ক্রিকেটের মতো অন্যান্য খেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে মন্ত্রণালয়ের পক্ষে সব রকমের সহযোগিতা করা হবে।’ এ সময় দেশের যুবগোষ্ঠীর সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হবে বলে জানান মন্ত্রী। 

মন্ত্রী রবিবার সকাল ৯টায় মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে আসেন এবং সচিবসহ মন্ত্রণালয়ের  ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। 

পরে আনুষ্ঠানিক  সভায় যুব ও ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সভার পূর্বে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব উন্নয়ন অধিদপ্তর, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও ক্রীড়া পরিদপ্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। 

এরপর বেলা ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতাসহ ক্রীড়াঙ্গনের নানা স্তরের ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা গ্রহণ শেষে বিকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নতুন মন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা