× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়াল-বার্সার চোখ শ্রেষ্ঠত্বে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ১৫:১২ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ১৫:২৩ পিএম

বছরের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

বছরের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

চাতক পাখির মতো অপেক্ষায় থাকেন সবাই। ফুটবল অনুরাগীদের প্রতীক্ষাটা আর কিছু নয়- এল ক্লাসিকোর জন্য। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সেই ধ্রুপদি লড়াই উপভোগের স্বাদটা বছরের নতুন শুরুতেই পেয়ে যাচ্ছেন ভক্ত-সমর্থকরা।

স্প্যানিশ ফুটবলের দুই চিরশত্রু মুখোমুখি হচ্ছে আজ রবিবার রাতে। তাদের লড়াইটা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। যে করেই হোক ট্রফিটা জিতে নতুন বছরের শুরুটা রাঙাতে চায় রিয়াল।

ট্রফিটা এবার রিয়াল মাদ্রিদের চাই-ই চাই। লক্ষ্যটা সামনে রেখে ফুটবলারদের উজ্জীবিত করতে উদ্যোগ নিয়েছে কোচ কার্লো আনচেলত্তির ক্লাব।

কাতালানদের হারাতে উৎসাহ জুগিয়ে যাচ্ছে স্পেনের রাজধানীর ক্লাবটির কর্তৃপক্ষ। মোটা অঙ্কের বোনাস ঘোষণা করেছে তারা। অঙ্কটা বেশ বড়- ৪০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৪৮ কোটি টাকারও বেশি।

শ্বাসরুদ্ধকর ও হাইভোল্টেজ লড়াই সামনে রেখে ফুটবলারদের জ্বলে উঠতে পুরস্কারের ঘোষণাটা দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। খবরটা দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত। তারা জানিয়েছে, চ্যাম্পিয়ন হলে রিয়ালের প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ ইউরো করে।

বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। মোট বোনাসের ৪০ লাখ ইউরো থেকে ভাগ পাবেন দলের কোচিং স্টাফরাও। শিরোপা জিতলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন যে প্রাইজমানি দেবে, লোভনীয় এই আর্থিক পুরস্কার তার প্রায় অর্ধেক।

গত মৌসুমের স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচেও দেখা হয়েছিল রিয়াল-বার্সার। তবে সেই মহারণে ট্রফিভাগ্য কথা বলেছিল ব্লুগ্রানাদের হয়ে। ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছিল বার্সা। সে ম্যাচে বার্সা শিরোপা উৎসব করলেও বিদায়ি মৌসুমের শেষ দুটো রোমাঞ্চকর লড়াইয়ে সাফল্যের মুকুট পরেছিল রিয়ালই।

সেই সুখস্মৃতি এবার তাদের প্রেরণা হয়ে কাজ করছে। টানা দুই জয়ের পর রিয়ালের চোখ এবার হ্যাটট্রিক জয়ে। গতবার না পারলেও স্প্যানিশ এ ঘরোয়া টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিতে বদ্ধপরিকর আনচেলত্তির শিষ্যরা।

তবে সন্দেহ নেই, ছেড়ে কথা বলবে না বার্সাও। ট্রফি ধরে রাখতে মরিয়া হয়েই মাঠে নামবে তারা। তার চেয়ে বড় কথা- আগে খারাপ খেললেও রিয়ালকে পেলেই বার্সা যেন দুর্দান্ত ফর্মটা ফিরে পায় অটোমেটিক। তাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে।

তাই তো রোমাঞ্চকর এই লড়াইয়ের আগে রিয়ালকে ফেভারিট মানতে নারাজ বার্সা-গুরু জাভি হার্নান্দেজ, ‘এটা এল ক্লাসিকো। আমার বিশ্বাস, আমাদের সেরা ভার্সনটাই খুঁজে পাব। এক বছর আগে আমার কোচিংয়ে এটা সেরা ম্যাচের একটি ছিল। আজকের বিষয়টি সোজাসাপ্টা, আমাদের ফাইনাল উপভোগ করতে হবে এবং এরপর লড়াইয়ে আমরা জিতব বলে আশাবাদী।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা