প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ১৩:১৯ পিএম
ভারতীয় ক্রিকেটের অন্যতম মহাতারকা তিনি। দেশের হয়ে বিশ্বকাপের জোড়া শিরোপা জিতেছেন যুবরাজ সিং। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় বলে ছয় ছক্কার ঝড় এখনও লোকের মুখে মুখে ফেরে। সেই যুবরাজ এবার ক্রিকেট কোচ হিসেবে ক্যারিয়ার গড়তে চান।
নিজের ক্রিকেট একাডেমি ‘যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স’ নিয়েও বেশ উচ্ছ্বসিত বিশ্বকাপজয়ী এই তারকা। ক্রিকেটার তৈরির কারখানায় কারিগর হিসেবে থাকবেন একাধিক নামজাদা কোচ।
স্বপ্নের এই প্রকল্প নিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নেওয়ার অনেক আগে থেকেই একাডেমি গড়ে তোলার পরিকল্পনা ছিল। ভারতীয় দলে সুযোগ পেতে হলে সেরা মঞ্চ হলো ঘরোয়া ক্রিকেট। সেখানে পারফর্ম করার জন্য অনুশীলন খুব জরুরি। তাই এই উদ্যোগ নেওয়া হলো।’
বাবা যোগরাজ সিংয়ের কোচিংয়ে বেড়ে ওঠার সময় কোন কোন প্রতিবন্ধকতার মুখে পড়েছিলেন? যুবরাজের প্রতিক্রিয়া, ‘আমাদের সময় তেমন সুযোগ সুবিধা ছিল না। ইনডোর বলতে কিছুই ছিল না। এত উইকেট ছিল না। বোলিং মেশিন ছিল না। আমিতো তবুও বাবার সান্নিধ্যে অনেক সুযোগ পেয়েছি। আমার সমসাময়িক অনেকেই সুযোগ সুবিধা পায়নি। সেই সময় মাঠের অবস্থা খুবই খারাপ ছিল। আর তাই বর্তমান প্রজন্মকে ভালো সুযোগ সুবিধা দিতে চাই।’
যুবির এই অ্যাকাডেমিতে ডিরেক্টর অফ কোচিং হিসেবে থাকবেন ভিনীত জৈন। ৮০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। একইসঙ্গে বিসিসিআইয়ের লেভেল টু কোচ ভিনীত জৈন। কোচ হিসেবে থাকবেন ভারত এ দলের খেলা বিশাল ভাটিয়া। বিসিসিআইয়ের লেভেল ওয়ান কোচ অভিজিত দাসও ক্রিকেটার তৈরির দায়িত্বে থাকবেন।