আরিফুর রাজু
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৮:০৩ পিএম
এখনও অধিনায়ক নির্বাচন করতে পারেনি দলগুলো— প্রবা কোলাজ
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ক্রিকেটে আগে দল গঠন করে, পরে নেতা। উপমহাদেশে ব্যাপারটি ভিন্ন। এখানে আগে নেতা, পরে দল। অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সুদূরপ্রসারী চিন্তার ফল সুখী পরিবার। যোগ্য নেতার যোগ্য দল। এরপরই সাফল্য, সফলতা। বিপিএলের দলগুলো অবশ্য সে পথে হাঁটেনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের পর্দা উঠতে সপ্তাহখানেক বাকি। এখনও পর্যন্ত অধিনায়কের নাম ঘোষণা করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। তোড়জোড় কিংবা সাড়া-শব্দ নেই টিম ম্যানেজমেন্টেরও।
সাফল্য-ব্যর্থতার মিশেলে শেষ হয়েছে বিপিএলের নয়টি সংস্করণ। বিপিএল আসে-যায়। থেকে যায় তর্ক-বিতর্ক, আশা-সম্ভাবনা, অভিযোগ আর অনুযোগ। এবার অবশ্য বেশ কিছু ইতিবাচক ঘটনা সাক্ষী হতে চলেছে। স্পোর্টিং উইকেট, ডিআরএস, সঙ্গে থাকছে হক আই প্রযুক্তি। অনেক প্রথমের সঙ্গে এই সংস্করণে দলগুলো ভিন্ন ভেন্যুতে অনুশীলন করবে। তবে এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর অধিনায়কের নাম ঘোষণা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। বেশ কটি ফ্র্যাঞ্চাইজি মিডিয়া ম্যানেজারের সঙ্গে কথা বলেও এর সদুত্তর মেলেনি।
বিপিএলের গত দুই আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপাধারীদের নেতৃত্বে ছিলেন ইমরুল কায়েস। জাতীয় দলের সাবেক ওপেনারের যোগ্য নেতৃত্বে সফলতা পায় কুমিল্লা। লিটন দাস, মুস্তাফিজুর রহমানের সঙ্গে বিদেশি মোহাম্মদ রিজওয়ান ও সুনীল নারাইনের মতো তারকার ভিড় ছিল কুমিল্লায়। ‘জয় অথবা জয়’ স্লোগান নিয়ে নামা দলটি হ্যাটট্রিক শিরোপার জন্য কাকে নেতা হিসেবে বেছে নেবে— এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইমরুল নাকি লিটনÑ কে হচ্ছেন দশমের নেতা। টিম ম্যানেজার খান নয়ন অবশ্য এ নিয়ে মুখ খোলেননি, ‘এখনও অনুশীলন শুরু হয়নি। আগামীকাল (আজ) থেকে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে দলের অনুশীলন শুরু হবে। আশা করা যায় এরই মধ্যে অধিনায়কের নাম জানিয়ে দেওয়া হবে।’ কবে নাগাদ নেতার নাম ঘোষণা হতে পারেÑ এমন প্রশ্ন পাশ কাটিয়ে যান। ‘টিম ম্যানেজমেন্ট থেকে কোনো নির্দেশনা আসেনি। আশা করা যাচ্ছে আসর শুরুর আগেই জানানো হবে’— যোগ করেন নয়ন। গত আসরে ফরচুন বরিশালের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। সদ্য সাংসদ নির্বাচিত হওয়া সাকিব এবার খেলছেন রংপুর রাইডার্সে।
অভিজ্ঞ তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া দেশসেরা ওপেনারই হতে পারেন বরিশালের নেতা। দলটিতে আছে অভিজ্ঞ মুখ মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং বিদেশিদের মধ্যে শোয়েব মালিক, ফখর জামান এবং মোহাম্মদ আমির। হোম কন্ডিশন বিবেচনা করলে তামিমের কাঁধেই পড়তে পারে দায়িত্ব।
রংপুর রাইডার্সের নেতৃত্ব নিয়েও আছে ধোঁয়াশা। নবম সংস্করণে দলটির ক্যাপ্টেন ছিলেন নুরুল হাসান সোহান। এবার সাকিব যোগ দেওয়াতেই এত আলোচনা। নতুন এমপি হওয়া সাকিবের চাওয়া স্বাধীনতা। অন্যদিকে সোহানের নেতৃত্বে গত আসরে প্লে অফে উঠেছিল দলটি। টিম ম্যানেজার পথিক রহমানের সঙ্গে কথা হলে জানান, ‘এখনও পর্যন্ত ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত আসেনি। ক্যাপ্টেন্সি ইস্যুটি কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।’
রাজধানীর দল ‘দুর্দান্ত ঢাকা’ আসরের প্রথম দুইবার চমক দেখালেও এখন রেস থেকে অনেকটায় পেছনে। দলে নেই হাইপ্রোফাইল কোনো খেলোয়াড়। দেশীয়দের মধ্যে আছেন তাসকিন আহমেদ, আরাফাত সানী এবং মোসাদ্দেক হোসেন সৈকত। এদের মধ্যে একমাত্র মোসাদ্দেকের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। হারানো ঐতিহ্য ফিরে পেতে হয়তো তিনিই দায়িত্ব সামলাতে পারেন।
সিলেট স্ট্রাইকার্সে আছেন সাবেক এবং বর্তমান দুই অধিনায়ক। নবম আসরের রানার্সআপ দলটি গতবার মাশরাফির নেতৃত্বে চমক দেখায়। পর্দার আড়াল থেকে একেবারে ফ্রন্টলাইনে চলে আসে। নেতৃত্ব ভালোই বুঝেন নাজমুল হোসেন শান্তও। ঠান্ডা মাথায় দুর্দান্ত ফল আনতে পটু এই তরুণ। তবে সাবেক অধিনায়কের ওপর ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। যদিও ফিটনেসহীনতায় ভুগছেন মাশরাফি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যস্ত সময় পার করায় দীর্ঘ সময় মাঠের বাইরে। আসরে সবগুলো ম্যাচে মাশরাফি না থাকতে পারলে শান্তকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাবে।
ক্যাপ্টেন ইস্যুতে অনেকটায় নীরব চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। গতকাল শুক্রবার থেকে বিকেএসপিতে অনুশীলনের আগে দলটির হেড কোচ তালহা জুবায়েরের কাছে নেতৃত্ব ইস্যুতে জানতে চাওয়া হলে জানান, ‘শিগগিরই নাম জানানো হবে।’ বিপিএলে শিরোপার স্বাদ না পাওয়া খুলনায় আছেন দেশীয় উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়। আছেন আফিফ হোসেন, রুবেল হোসেন ও নাসুম আহমেদ। বিদেশিদের মধ্যে এভিন লুইস, ফাহিম আশরাফ আছেন দলটিতে। কোচ খোলাসা না করলেও কান পাতলে শোনা যায়, বিজয় হতে যাচ্ছেন খুলনার অধিনায়ক।
হাঁকডাক দিয়ে আসা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে সেই অর্থে চেনা মুখ নেই। দেশীয়দের মধ্যে শুভাগত হোম ও জিয়াউর রহমান পরিচিত মুখ। বিদেশিদের মধ্যে আছেন নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ হারিস। শুভাগত হোম পেতে পারেন নেতৃত্ব।