বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৮:০১ পিএম
চলতি মৌসুমে তিন ম্যাচের দুটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে নতুন মৌসুমের শুরুটা দারুণভাবে করে বাংলাদেশ পুলিশ এফসি। কিন্তু ডিসেম্বরের শেষ দিকে পরের ম্যাচেই শেখ জামালের সঙ্গে ১-০ গোলে হোচট খায় দলটি। তবে নতুন বছরের প্রথম লিগ ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে পুলিশ। শনিবার শেখ রসেলের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে দলটি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় রাউন্ড-৩ এর ম্যাচে শেখ রাসেলকে মৌসুমের প্রথম হার উপহার দিয়েছে পুলিশ। ম্যাচের দ্বিতীয়ার্ধে জয়সূচক একমাত্র গোলটি করেন পুলিশের ভেনেজুয়েলার ফরোয়ার্ড এদওয়ার্দ মোরিলো।
শেখ জামালের বিপক্ষে জয় দিয়ে শুরু করা শেখ রাসেল দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মোহামেডানের বিপক্ষে। আর আজকে তো হেরেই মাঠ ছাড়লো ধানমন্ডি পাড়ার দলটি। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে যে কারণে পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে তারা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই তালিকার তিনে উঠেছে পুলিশ। যথারীতি শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। দুইয়ে মোহামেডান।
এর আগে খেলায় ভাগ্যের ফেরে এগিয়ে যেতে পারেনি পুলিশ। পঞ্চম মিনিটে সাহেদ মিয়ার জোড়ালো শট পোস্টে লেগে ফিরে আসে। ২৬ মিনিটে পুলিশের রক্ষণের ভুলে ফাঁকায় বল পেয়েছিলেন সুমন রেজা। কিন্তু শটটি লক্ষ্যে রাখতে পারেননি তিনি। এরপর দুই দলই বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করেছে।
অবশেষে খেলার ৬৪ মিনিটে গোলের দেখা মেলে। থ্রো ইনের পর বক্সে সতীর্থের ফ্লিক হেডে বল চলে যায় মোরিলোর পায়ে। দৃষ্টিনন্দন ভলিতে জয়সূচক গোলটি করেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।