প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৬:১৫ পিএম
কার্লোস আলবার্তো পেরেইরা। ছবি: সংগৃহীত
ক্যান্সারে ভুগছেন ব্রাজিলকে ১৯৯৪ সালের বিশ্বকাপ জেতানো কোচ কার্লোস আলবার্তো পেরেইরা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাবেক এই কোচের কেমোথেরাপি চলছে। ‘হজকিনস লিম্ফোমা’নামক একটি ব্যাধিতে আক্রান্ত হয়েছেন ৮০ বছর বয়সী পেরেইরা। যা এক ধরনের ব্লাড ক্যান্সার।
সাও পাওলোর হসপিটাল সামারিতানোয় চিকিৎসা চলছে পেরেইরার। নিয়মিত চিকিৎসায় বেশ সাড়া দিচ্ছে পেরেইরার শরীর, এমনটাই জানা গেছে তার তার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে। এদিকে, কঠিন সময়ে পেরেইরার পাশে থাকা ও শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ জানিয়েছে তার পরিবার।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পেরেইরার কোচিংয়ে তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপাটি জেতে। এরপর ২০০৩-২০০৬ মেয়াদে আবার স্বদেশের জাতীয় দলের কোচ ছিলেন পেরেইরা। এই মেয়াদে ব্রাজিলকে ২০০৪ সালের কোপা আমেরিকা ও পরের ফিফা কনফেডারেশন্স কাপ জেতান তিনি। তবে ২০০৬ বিশ্বকাপে তার নেতৃত্বে বিশ্বকাপ ট্রফি জেতার স্বপ্ন পূরণ হয়নি ব্রাজিলের। সেবার সেলেকাওরা হেরে যায় কোয়ার্টার-ফাইনালে।
এর আগে গত ১০ জানুয়ারি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সভেন গোরান এরিকসন ক্যান্সারে আক্রান্ত হন। গত বুধবার খবরটি নিশ্চিত করেছেন ৭৫ বছর বয়সি এই সুইডিশ কোচ। এমনকি তিনি এটাও বলেছিলেন যে তার এক বছরের মতো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। বিবিসির এক প্রতিবেদন থেকে সেটি জানা যায়।

কোচিং ক্যারিয়ারে ২০০২ সালে ইংল্যান্ডের দায়িত্ব পান এরিকসন। এ ছাড়া ২০০৪ ইউরো ও ২০০৬ বিশ্বকাপে ইংলিশদের ডাগআউটে ছিলেন তিনি। সুইডিশ রেডিও পি-১-এ একটি ভিডিও বার্তায় এরিকসন বলেছিলেন, ‘আমি যতদিন পারি ক্যানসারের সঙ্গে প্রতিরোধ করে যাব। এটি গুরুতর অবস্থায় রয়েছে। খুব সম্ভবত এক বছর, কিংবা কতদিন সেটা অনুমান করে বলা মুশকিল। তাই এটা নিয়ে চিন্তা না করাই ভালো।’