প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪ ২০:১৯ পিএম
ধারাভাষ্য দেবেন জানেন না জাহানারা— পুরোনো ছবি
বিপিএল দরজায় কড়া নাড়ার শেষ মুহূর্তে গুঞ্জন, ২০২৪ সালের আসরে উপস্থাপক অথবা ধারাভাষ্যকার হিসেবে থাকবেন জাহানারা আলম। জাতীয় দলের কোথাও না থাকা পেসার কি সত্যিই তবে বিপিএলে থাকছেন? গতবছরের জুন মাস থেকে দলে ব্রাত্য হয়ে পড়া জাহানারা নিজেই জানেন না এমন কিছু। বলেছেন খবরটি ভুয়া।
আজ শুক্রবার প্রতিদিনের বাংলাদেশ’কে জাহানারা আলম বলেছেন, ‘আমি নিজেও জানি না এটা সম্পর্কে। ফেসবুকে দেখলাম এমন একটা নিউজ। বিগত তিন-চার দিন থেকে অনেক অভিনন্দনও পেয়েছি। কিন্তু আমি নিজেও জানি না ধারাভাষ্য দিতে যাচ্ছি।’
গত বছর জুনে শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাঠে ভারত সিরিজ। এই দুই দ্বিপাক্ষিক সিরিজে জায়গা হয়নি জাতীয় দলের স্কোয়াডে। বাংলাদেশ নারী দলের কন্ডিশনিং ক্যাম্পেও ডাক পাননি মিডিয়াম পেসের এই অলরাউন্ডার। তবে বিপিএল সামনে রেখে জাহানারা জানিয়েছেন, আপাতত তার ধারাভাষ্যে আসার কোনো পরিকল্পনা নেই।
জাতীয় দলে ফেরার বিষয়ে তিনি কতটা প্রস্তুত হচ্ছেন, এমন প্রশ্নে উত্তর দিতে চাননি জাহানারা।