প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪ ২০:১০ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে তৃতীয় ম্যাচে এসে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। শেখ জামাল ধানমন্ডিকে ১-০ গোলে হারিয়েছে তারা। ছবি : সংগৃহীত
শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শুরুতে ভালোই প্রতিরোধ গড়ে ব্রাদার্স ইউনিয়ন। তবে সেটি ২৮ মিনিটের বেশি টিকেনি। এসময় স্পট কিক থেকে বাদার্সের জাল কাঁপিয়ে দেন মোহামেডানের মালির স্ট্রাইকার সোলায়মান দিয়াবাতে। ম্যাচে জোড়া গোল করেছেন দিয়াবাতে ও সানডে ইমানুয়েল। অন্য গোলটি করেছেন মুজাফফর মুজাফফরভ। তাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় রাউন্ডে শুক্রবার ৫-১ গোলে হারিয়েছে আলফাজ আহমেদের দল। দিনের অন্য খেলায় ১০ জনের দল নিয়েও ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করেছে আবাহনী লিমিটেড। শেখ জামাল ধানমন্ডিকে তারা হারিয়েছে ১-০ ব্যবধানে।
গোপালগঞ্জের শেখ ফুজলুল হক মনি স্টেডিয়ামে মাঠে গড়ায় ধানমন্ডি ডার্বিখ্যাত আবাহনী-শেখ জামাল দৈরথ। খেলার ৩৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আবাহনী। তারপরও কার্যকরী ফুটবলই খেলে আন্দ্রেয়াস ক্রুসিয়ানির শিষ্যরা। শেখ জামালকে হারিয়ে চলতি প্রিমিয়ার লিগে প্রথম জয় তুলে নিল রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা।
আগের দুই রাউন্ডে জয়হীন ছিল আবাহনী। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ড্রয়ে লিগ শুরু করার পর ফর্টিস এফসির বিপক্ষে তো ১-০ গোলে হেরেই মাঠ ছাড়ে দলটি। যে কারণে শুক্রবারের ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। ১৩ মিনিটে গোলে দারুণ সুযোগও পায় শেখ জামাল। তবে আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেলের বাধা টপকাতে পারেনি শেখ জামাল।
এরপর ১৭ মিনিটে শেখ জামালের গোলরক্ষককে একা পেয়ে যান আবাহনীর ফরোয়ার্ড কর্নিলিয়াস। কিন্তু দুর্দান্ত স্লাইডে কর্নারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করে শাকিল আহমেদ। ৩৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনীর রিয়াদুল হাসান। শেখ জামালের ফয়সাল আহমেদ ফাহিমকে বাজেভাবে ফাউল করে কার্ড দেখেন ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার। যে কারণে গোলশূন্য প্রথমার্ধ শেষে কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।
একজন কম নিয়েও দ্বিতীয়ার্ধে গোলের ভালো সুযোগ পায় আবাহনী। কিন্তু গোলপোস্টের সামনে থেকে লক্ষ্যে শট রাখতে পারেননি সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস। এরপর ম্যাচ গড়াতে থাকলেও গোলের দেখা পায়নি দুই দল। ম্যাচের সম্ভাব্য ফলাফল তখন ড্র-ই ধরা হচ্ছিল। অবশেষে ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে অর্থাৎ ৮৮ মিনিটে সেই কর্নেলিয়াসই গোলসূচক গোলটি করেন।
এই জয়ের ফলে তিন ম্যাচে একটি করে জয়, পরাজয় ও ড্র নিয়ে মোট ৪ পয়েন্ট সংগ্রহ করেছে আবাহনী। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া শেখ জামালের সংগ্রহ স্রেফ ৩ পয়েন্ট, পয়েন্ট টেবিলে দলটির অবস্থান সাতে। এদিকে, ব্রাদার্সকে হারিয়ে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সাময়িকভাবে শীর্ষে উঠেছিল মোহামেডান। তবে দিনের অন্য ম্যাচে বিকেলে ফর্টিস এফসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে ৯ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে বসুন্ধরা কিংস। আটে থাকা ফর্টিসের ঝুলিতে রয়েছে ৩ পয়েন্ট।
দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে এগিয়ে গিয়েও রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। এই ড্রয়ে পয়েন্টের খাতা খুলেছে বন্দরনগরীর দলটি।