প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১৭:৩৪ পিএম
ব্যাটে ও জুতায় পায়রারা স্টিকার লাগিয়ে খেলেছেন খাজা। ছবি: সংগৃহীত
‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’—উসমান খাজা মূলত এই কথাটিকেই প্রতিষ্ঠা করতে চাইছিলেন। কিন্তু জোরালোভাবে বাদ সেধেছিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা উসমান খাজার নানান যুক্তি প্রত্যাখ্যান করেছিল।
ফিলিস্তিনিদের সমর্থনে খাজার কোনো পদক্ষেপই পাচ্ছিল না অনুমোদন। আইসিসির দ্বিচারিতা নিয়েও তখন প্রশ্ন উঠেছিল। তবে আপাতত খাজার আক্ষেপ কিছুটা হলেও কমার কথা। নিজের ইচ্ছা অনুযায়ী ব্যাট এবং জুতায় ‘বার্তা’ প্রদর্শন করতে পেরেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটার।
বার্তা প্রদর্শনের এই লড়াইয়ে না আইসিসি, না খাজা— আদপে কেউ জেতেনি। ইসরায়েলিদের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের সমর্থনের স্লোগানসংবলিত জুতা পরে পার্থ টেস্টে খেলার পরিকল্পনা করেছিলেন খাজা। কিন্তু দেওয়া হয়নি। পরে সেই জল অনেকদূর গড়ায়।
তবে বিগ ব্যাশ লিগে ‘শান্তির প্রতীক’ পায়রা ও জলপাই গাছের একটি শাখা প্রদর্শন করেছেন খাজা। বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের বিপক্ষে ব্রিসবেন হিটের হয়ে এমন ব্যাট নিয়ে খেলতে নামেন খাজা। আইসিসির এখতিয়ারের বাইরে থাকায় খাজা এমনটি করতে পেরেছেন।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের জুতায় এমন প্রতীকের স্টিকার নিয়ে নামতে চাইলে প্রথমবার আইসিসির বাধার মুখে পড়েন খাজা। এরপর ম্যাচে কালো আর্মব্যান্ড পরে নামতে চেয়েছিলেন। সেখানেও পাননি আইসিসির অনুমোদন। উল্টো নিয়মের লঙ্ঘন বলে খাজাকে ভর্ৎসনা করে আইসিসি। খাজা শেষে জুতায় নিজের দুই মেয়ে আয়শা ও আয়লার নাম লিখে নামেন।