প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১৩:১৪ পিএম
গতবছর জুলাইতে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি৷ মেজর লীগ সকারে (এমএলএস) পাড়ি জমানোর পর পিএসজিতে থাকা ২ বছরের অধ্যায় নিয়ে স্মৃতিচারণ করেন আর্জেন্টাইন সুপারস্টার।
মেসির মতে পিএসজিতে পথচলাটা সুন্দর হলেও শেষটা ছিল তিক্ততায় মেশানো। শেষদিকে ক্লাব ছাড়ার সময় মেসি তো বলেই দিয়েছিলেন, ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতে ফেরার পর ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা মেলেনি!
এবার মায়ামি তারকা মেসির দিকে পাল্টা অভিযোগের তীর ছুড়লেন পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি। কাতারি এই ধনকুবেরের ভাষ্য, পিএসজিকে সম্মান করেননি আলবিসেলেস্তে অধিনায়ক মেসি।
বার্সেলোনার সঙ্গে চুক্তির ঝামেলায় আটকে ২০২১ সালের মাঝামাঝি সময়ে পিএসজিতে যোগ দেন মেসি। কিন্তু ফরাসি ক্লাবটিতে তার দুই বছর ঠিক সাফল্যময় হয়নি। যে কারণে শুনতে হয়েছে সমর্থকদের দুয়ো। ফলে গত বছর নতুন চ্যালেঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।
পিএসজি সমর্থকদের আচরণ নিয়ে মেসির ভাষ্য ছিল, ‘আমি মনে করি, শুরুর দিকে বিষয়গুলো চমৎকার ছিল। কিন্তু এরপর কিছু মানুষ আমাকে ভিন্ন চোখে দেখতে শুরু করলো, পিএসজি সমর্থকদের একটা অংশ। একটা অংশের সমর্থকদের সঙ্গে আমার সম্পর্কে চিড় ধরেছিল, যেটা অবশ্যই আমি চাইনি। এমন কিছুর ধারেকাছে ছিল না আমার চাওয়া।’
মেসির ওই অভিযোগ নিয়ে সম্প্রতি আরএমসি স্পোর্টের পডকাস্ট-এ কথা বলেন খেলাইফি। মানুষ হিসেবে মেসিকে সম্মান করার কথা বললেও পিএসজি প্রসঙ্গে মেসির বক্তব্য নিয়ে সমালোচনা করেন পিএসজি সভাপতি। সেই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেন।
খেলাইফি বলেন, ‘যখন আমরা একসঙ্গে আছি, তখন এসব নিয়ে কথা বলতেই পারি। কিন্তু যখন চলে যাব, তখন নয়। মেসির প্রতি অনেক শ্রদ্ধা আছে আমার, কিন্তু যদি কেউ চলে যাওয়ার পর পিএসজিকে নিয়ে বাজেভাবে কথা বলে, সেটা ভালো নয়।’
তিনি আরও বলেন, আমি তাকে (মেসি) অনেক সম্মান করি। কিন্তু কেউ যদি পিএসজি ছেড়ে যাওয়ার পর ক্লাবটি নিয়ে বাজে কথা বলে, তাহলে সেটি ভালো নয়। এটা সম্মান দেয়া হলো না।’
খেলাইফি বলেন, ‘সে (মেসি) মানুষ হিসেবে খারাপ নয়, কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগেনি। আর এই কথাটা শুধু তার জন্য নয়, সবার জন্যই। আমি চাই, খেলোয়াড়েরা সেখানে (পিএসজি) থাকতে কথা বলুক, চলে যাওয়ার পর নয়। এটা আমাদের ধরণ নয়।’