প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১২:১৮ পিএম
পূর্নাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ দল। তবে আসন্ন সিরিজের সাদা বলের ক্রিকেটে ক্যারিবীয় দলে নেই ব্যাটসম্যান শিমরান হেটমায়ার। অজি সফরে তাকে বাদ দিয়েই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছেন নির্বাচকরা।
দুই ম্যাচের টেস্ট সিরিজের পর আগামী ২ ফেব্রুয়ারি মেলবোর্নে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ সিডনি ও ক্যানবেরায় ৪ ও ৬ তারিখে। এরপর হোবার্টে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ ফেব্রুয়ারি, পরের দুটি ম্যাচ ১১ ও ১৩ তারিখে অ্যাডিলেড ও পার্থে।
হেটমায়ারের দলে না থাকাটা অবশ্য স্বাভাবিক। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না তার। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছিলেন যথাক্রমে ৩২, ০ ও ১২। আর টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে করেছিলেন মাত্র ১ ও ২ রান।
দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৮ ইনিংস খেলেও গড় ৩০-এর ঘরে নিতে পারেননি এই ব্যাটসম্যান। আটকে আছেন ২০.৫০-তে। মোট ৯০২ রান করেছেন মাত্র ১১৮.২১ স্ট্রাইক রেটে। তবে ওয়ানডেতে হেটমায়ারের স্ট্রাইক রেট ভালো (১০৪.৫৫), গড় ৩২.২৩।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ, আলিক আথানাজে, টেডি বিশপ, কিয়াচি কার্টি, রোস্টন চেইজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ, কাভেম হজ, গুড়াকেশ মোতি, কেজর্ন ওটলি, রোমারিও শেফার্ড, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।