কোপা দেল রে
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ২০:২৬ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ২০:৩২ পিএম
কোপা দেল রের শেষ ষোলোতে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল ও আটলেটিকো। স্পেনের আরেক পরাশক্তি বার্সেলোনা পেয়েছে সহজ প্রতিপক্ষ। শেষ ষোলোতে তৃতীয় বিভাগের দল ইউনিয়স্তাস তাদের প্রতিপক্ষ। গত সোমবার মাদ্রিদে শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়।
চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে নকআউট পর্বে রিয়াল। লা লিগায় পয়েন্ট তালিকাতেও শীর্ষে তারা। ঘরোয়া লিগে ১৯ ম্যাচে কেবল আটলেটিকোর বিপক্ষে হেরেছে কার্লো আনচেলত্তির দল। সেপ্টেম্বরে ৩-১ গোলে হেরেছিল রিয়াল।
১৮ জানুয়ারি কোপা দেল রের বাঁচামরার ম্যাচটি হবে আটলেটিকোর মাঠে। গত ৬ জানুয়ারি আরানদিনাকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে রিয়াল। আটলেটিকো আগের রাউন্ডে লুগোর মাঠ থেকে জিতে এসেছে একই ব্যবধানে।
ইউনিয়স্তাসের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি হবে ১৭ জানুয়ারি। ম্যাচটি ঘিরে খুব একটা উৎকণ্ঠা নেই বার্সা শিবিরে। যদিও নিজেদের শেষ ম্যাচে বার্বোস্ত্রোর সঙ্গে জিততে ঘাম ঝরাতে হয়েছিল তাদের। গত বছরের শেষদিকে বাজে কাটলেও ইতোমধ্যে নিজেদের গুছিয়ে নিয়েছে তারা। লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে একটু পিছিয়ে পড়লেও লড়াইয়ে ঠিকই আছে বার্সা। বড় ধরনের কোনো নাটকীয়তা না ঘটলে ইউনিয়স্তাসের বিপক্ষে সহজ এবং বড় ব্যবধান গড়বে জাভির শিষ্যরা। লা লিগায় চমক হয়ে আসা জিরোনা খেলবে লিগের আরেক দল রায়ো ভায়েকানোর বিপক্ষে।
কোপা দেল রের শেষ ষোলো
ইউনিয়স্তাস-বার্সেলোনা
তেনেরিফে-মায়োর্কা
গেতাফে-সেভিয়া
ওসাসুনা-রিয়াল সোসিয়েদাদ
ভ্যালেন্সিয়া-সেলটা ভিগো
অ্যাটলেটিক বিলবাও-আলাভেস
আটলেটিকো মাদ্রিদ-রিয়াল মাদ্রিদ
জিরোনা-রায়ো ভায়েকানো