এফএ কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৯:৩০ পিএম
ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হাগ (বাম) এবং উইগান অ্যাথলেটিক ম্যানেজার শন ম্যালোনি। ছবি: টু্ইটার
সোমবার রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডে উইগান অ্যাথলেটিককে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে ওল্ড ট্রাফোর্ডের দলটি। খেলায় দুই অর্ধে দুটি গোল করেছেন দালোত ও ব্রুনো ফার্নান্দেজ। ৭৪ মিনিটে পর্তুগিজ তারকা লক্ষ্যভেদ করেন স্পট কিক থেকে। এর আগে ২২ মিনিটে দলকে লিড এনে দেন আরেক পর্তুগিজ লেফটব্যাক দালোত। দলটি গোল পেতে পারত আরও দুয়েকটি। তবে রাসমাস হজল্যান্ড ও স্কট ম্যাকটোমিনের ভুলে সেটি হয়নি।
গোল মিসের হতাশা ঝরেছে টেন হাগের কণ্ঠেও। ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা সবশেষে জিততে পেরেছি এটা বড় কথা। প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি সেটা দারুণ ছিল। ভালো কিছু সুযোগ তৈরি করেছি। আমাদের আরও কিছু গোল করা উচিত ছিল। সেটি হয়নি। আমাদের অনেক খেলোয়াড় এখনও ইনজুরিতে ভুগছে। তারা ফিরলে দলের শক্তি বাড়বে। তবে এই দলটি যেভাবে খেলেছে তাতে আমি খুশি।’
এদিকে ম্যানইউর বিপক্ষে খুব একটা পাত্তা পায়নি স্বাগতিক উইগান অ্যাথলেটিক। ঘরের মাঠে রেড ডেভিলদের বিপক্ষে উল্লেখ করার মতো কিছু করতে পারেনি শন মালোনির দল। তারপরও প্রতিপক্ষকে সম্মান দিয়েই কথা বলেছেন টেন হাগ, ‘আমরা এই ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। তবে আমরা কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নিই না। আমরা জানতাম তারা আমাদের বিপক্ষে লড়াই করবে, জিততে চাইবে। কিন্তু আমরা তাদেরকে সুযোগ দিইনি। তারপরও বলব তারা ভালো খেলেছে। এটা এমন এক প্রতিযোগিতা যেখানে সবাই জিততে চায়। প্রত্যেক ম্যানেজারই জেতার জন্য ক্ষুধার্ত থাকে। আমরাও এই ম্যাচটি যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছি।’