প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ২২:৪৮ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ২২:৫৫ পিএম
বাংলাদেশ ক্রিকেট টিম
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ ৪টি ম্যাচ খেলবে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। টাইগাররা দুটি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজে। লাল-সবুজের প্রতিনিধিদের বাকি দুটি হবে যুক্তরাষ্ট্রে।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৭ জুন ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ডালাসে। সাকিব-শান্তদের দ্বিতীয় ম্যাচটিও খেলতে হবে যুক্তরাষ্ট্রে। ১০ জুন নিউইয়র্কে দেশের ছেলেদের মাঠের শত্রু আর কেউ নয়- দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ মাঠে গড়াবে ১৩ জুন ও ১৬ জুন। ১৩ জুন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে টাইগারদের লড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে। নেপালকে মোকাবিলা করবে পরের ম্যাচটি ১৬ জুন।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আগামী ৪ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের নবম আসরে এবারই প্রথম ২০টি দল শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।
২০ দলের টুর্নামেন্টে ৪টি গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্ব। প্রতিটি গ্রুপে দল থাকবে ৫টি করে। গ্রুপ পর্বে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার এইটে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।