প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৮:৩৬ পিএম
ব্রাজিল ফুটবলে ঘোর অন্ধকার। একে তো মাঠের পারফরম্যান্স যাচ্ছেতাই, তার মধ্যে ফুটবল ফেডারেশনে (সিবিএফ) টালমাটাল অবস্থা। এমতাবস্থায় বরখাস্তের এক মাস পর ফুটবল প্রধানকে স্বপদে ফেরানো হচ্ছে।
গত বছরের ডিসেম্বরে আদালতের রায়ে সিবিএফ প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন এদনালদো রদ্রিগেজ। ব্রাজিলের বিচারমন্ত্রী গিলমার মেন্দেজের এক আদেশে এক মাস বিরতিতে তিনি পুনরায় স্বপদ ফিরে পেতে যাচ্ছেন। মেন্দেজ এক বিবৃতিতে বলেছেন, ‘এমন পরিস্থিতিতে একটা ঝুঁকি তো থেকেই যাচ্ছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের বাছাই পর্বকে সামনে রেখে ৫ জানুয়ারির মধ্যে খেলোয়াড়দের নাম নিবন্ধন করতে হবে।’
২০২১ সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন রদ্রিগেজ। এরপর তিনি ২০২২ সালে সভাপতিই নির্বাচিত হয়েছেন। ২০২৬ পর্যন্ত তার মেয়াদ রয়েছে।