প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৫:২৪ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ১৫:৪০ পিএম
জস হ্যাজলউডের বলে স্লিপে ক্যাচ তুলে দেন সৌদ শাকিল। উইকেট শিকারের পর অজি পেসারের উদযাপন ছিল দেখার মতো। ছবি: ক্রিকইনফো
সিডনি টেস্টের তৃতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তারপর অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হয়েছে দলটি। পেসার আমের জামালের ৬ উইকেটেরে সুবাদে প্রথম ইনিংসে লিড নেয় শান মাসুদের দল। কিন্তু জস হ্যাজলউডের বোলিং তোপে শেষ সেশনে সফরকারীরা হারায় ৭ উইকেট। চতুর্থ দিন মাঠে নামার আগে হারের চোখ রাঙানি দেখছে এশিয়ার দেশটি।
শুক্রবার ব্যাট করতে নেমে বড় সংগ্রহের পথেই ছিল অস্ট্রেলিয়া। মারনাস লাবুশেনের ৬০ ও মিচেল মার্শের ৫৪ রানে স্বপ্ন দেখে অজিরা। কিন্তু জামালের বোলিং তোপে ২০ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে ২৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। তাতে দুই দলের প্রথম ইনিংস শেষে ১৪ রানের লিড পায় পাকিস্তান।
এগিয়ে থেকে অবশ্য নিজেদের দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি পাকিস্তান। হ্যাজলউডের বিধ্বংসী বোলিংয়ে দাঁড়াতেই পারেনি কোনো ব্যাটার। অজিদের দুর্দান্ত বোলিংয়ে ৪ ব্যাটারই সাজঘরে ফেরেন শূন্য রানে। হ্যাজলউড তুলে নেন ৪ উইকেট। দিনের শেষ ওভারের আগের ওভারেই ৩ উইকেট নেন ডানহাতি এই পেসার। মিচেল স্টার্ক, নাথান লায়ন ও ট্রাভিস হেড প্রত্যেকে নিয়েছেন একটি করে উইকেটে। তাতে ৬৭ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান।
দলটির দুইজন ব্যাটার ব্যক্তিগত রানটাকে দুই অঙ্কের কোটায় নিতে পেরেছেন। সর্বোচ্চ ৩৩ রান এসেছে সাইম আইয়ুবের ব্যাট থেকে। ২৩ রানে আউট হয়েছেন বাবর আজম। দিনশেষে মোহাম্মদ রিজওয়ান ৬ রানে অপরাজিত। তার সঙ্গী জামাল এখনো রানের খাতা খুলতে পারেননি। ৮২ রানে এগিয়ে থেকে আগামীকাল মাঠে নামবে পাকিস্তান।