প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৪:১০ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১৪:২১ পিএম
চলতি মৌসুমে লা লিগায় নিজের প্রথম গোল করে উদযাপন করেন অ্যান্তোনিও রুডিগার। ছবি: টুইটার
লিগ শিরোপার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে এবার এই লড়াইয়ে যোগ দিয়েছে জিরোনা। দুই দলই পাল্লা দিয়ে এগোচ্ছে সমান গতিতে। বুধবার রাতে এমন দৃশ্য দেখা গেছে আরও একবার। প্রথমে মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ধরে রাখে রিয়াল মাদ্রিদ। খানিক বাদে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে লস ব্ল্যাঙ্কোসদের সমান পয়েন্ট করে ফেলে জিরোনা। যদিও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে থাকতে হচ্ছে জিরোনাকে। এদিকে মায়োর্কাকে হারিয়ে দারুণ এক রেকর্ড ধরে রাখল রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত আনচেলত্তির শিষ্যরা।
যদিও মায়োর্কার বিপক্ষে জয়টি সহজে ধরা দেয়নি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের সময় গড়াতে থাকলেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য খুঁজে পায় অ্যান্তোনিও রুডিগারের শট। ৭৮ মিনিটে গোল করেন তিনি। এই মৌসুমে লা লিগায় এটি তার প্রথম গোল।
রিয়াল-মায়োর্কার ম্যাচেরে উল্টো চিত্র দেখা গেছে জিরোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচে। এই খেলায় গোল হয়েছে ৭টি। রোমাঞ্চকর ম্যাচে অ্যাটলেটিকোর হয়ে তিনটি গোলই করেছেন আলভারো মোরাতা। কিন্তু তার হ্যাটট্রিক বিফলেই গেছে। জিরোনার বিপক্ষে তার দল হেরেছে ৪-৩ ব্যবধানে। জিরোনার হয়ে চারটি গোলই করেছেন আলাদা চারজন খেলোয়াড়।
এই জয়ে ১৯ খেলায় ৪৮ পয়েন্ট সংগ্রহ করেছে জিরোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে দিয়েগো সিমিয়নের দল। চারে থাকা বার্সেলোনার পয়েন্টও ৩৮, তবে জাভি হার্নান্দেসের দল একটি ম্যাচ কম খেলেছে।