প্রবা পতিবেদন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ২০:৪৪ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ২১:০৫ পিএম
নবম ব্যাটার হিসেবে রান আউট হয়েছেন মোহাম্মদ সিরাজ। ছবি : ক্রিকইনফো
মোহাম্মদ সিরাজের বোলিং তোপে পড়ে কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে অলআউট হয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতীয় পেসারের এনে দেওয়া সুযোগের পুরোপুরি ফায়দা তুলতে পারেনি তার দল। জবাব দিতে নেমে রোহিত শর্মারা অলআউট হয়েছেন ১৫৩ রানে। তাতে লিড কেবল ৯৮ রানের।
এই রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। দুই উদ্বোধনী ব্যাটার এইডেন মার্করাম ও ডিন এলগার মিলে অবিচ্ছিন্ন আছেন দলীয় ২০ রান করে। দলটি এখনও পিছিয়ে ৭৮ রানে। মার্করাম ১৬ এবং এলগার ব্যক্তিগত ৬ রানে অপরাজিত আছেন।
এর আগে ভারতের ব্যাটিং লাইনআপে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন প্রোটিয়া পেসাররা। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও নান্দ্রে বার্গার মিলে ভাগ করেছেন ৯ উইকেট। বাকি এক উইকেট পড়েছে রান আউটে কাটা পড়ে।
যদিও শুরুর ধাক্কা সামলে ভালোই এগিয়েছিল ভারত। ১৭ রানের মাথায় ব্যক্তিগত শূন্য রানে যশস্বি জয়সওয়াল আউট হওয়ার পর পরের তিন ব্যাটারই রান পেয়েছেন। যদিও ক্রিজে থিতু হয়ে আউট হয়েছেন তারা। ১০৫ রানে দুই উইকেট হারানো ভারত পঞ্চম উইকেট হারায় ১৫৩ রানে। এরপর ওই রানে রেখেই ভারতের আরও পাঁচটি উইকেট তুলে নিয়েছে প্রোটিয়ারা। একই স্কোরে ৬ উইকেট হারানোর ঘটনা টেস্ট ক্রিকেটে এর আগে দেখা যায়নি কখনও।
এর আগে ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ রান তুলতে শেষ পাঁচ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। এত দিন পর্যন্ত কম রানের ৫ বা তার বেশি উইকেট পড়ার রেকর্ড ছিল সেটিই। যদিও কেপটাউনে বুধবার সেই লজ্জার রেকর্ড থেকে ইংলিশদের মুক্তি দিয়েছে এশিয়ার দেশটি।
ভারতের হয়ে এদিন তিনজন ব্যাটার ব্যক্তিগত সংগ্রহটাকে দুই অঙ্কের কোটায় নিতে পেরেছেন। সর্বোচ্চ ৪৬ রান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। এ ছাড়া রোহিত ৩৯ ও শুবমান গিল করেন ৩৬ রান।