প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৮:৪৩ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ১৯:৪৯ পিএম
বিসিবি’র লোগো
নিউজিল্যান্ড সফরে অনানুষ্ঠানিক কোচ দিয়ে সিরিজ সেরেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারও আগে বিসিবির প্রায় সব বিভাগের কোচের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কয়েকজনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা থাকলেও পরে তা হয়নি। বোর্ডে সেসব কোচিং স্টাফদের শূন্যস্থান পূরণের লক্ষ্যে এবার বিজ্ঞাপন দিয়েছে বিসিবি।
বাংলাদেশের ক্রিকেটে গত কয়েক মাসে প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহের সঙ্গে তার সহকারী হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন নিক পোথাস। সহকারী হিসেবে এবার স্থায়ী কাউকে চায় বিসিবি। নতুন বিজ্ঞপ্তিতে বিসিবি খুঁজছে ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচ, ব্যাটিং ও বোলিং কোচ।
২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এসব পদের কোচের। ভারত বিশ্বকাপের আগে ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে চুক্তি শেষ হয় বিসিবির। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও বিদায় বলেছেন বিশ্বকাপ শেষে। দীর্ঘদিন ধরে কাজ করা শ্রীনিবাসন চন্দ্রশেখরের পরিবর্তে নতুন কোনো পারফরম্যান্স অ্যানালিস্টও খুঁজছে বিসিবি। আগ্রহীদের আগামী ২০ জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে।