প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৪:১২ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ১৬:৪৪ পিএম
এমা রাদুকানু। ছবি: টুইটার
টেনিসের নারী এককে একটা গ্রান্ডস্ল্যামের জন্য প্রায় ৪৪ বছর অপেক্ষা করেছে ব্রিটেন। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে ২০২১ সালে। ইউএস ওপেনের ফাইনালে লেইলাহ ফার্নান্দেসকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের গ্রান্ড স্ল্যাম জয়ের স্বাদ পান এমা রাদুকানু। তার আগে ১৯৭৭ সালে উইম্বলডন চ্যাম্পিয়নশিপে গ্রান্ড স্ল্যাম জিতেছিলেন ভার্জিনিয়া ওয়েড। এমা ওই বছরই র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নেন। তবে সুসময়টা বেশিদিন উপভোগ করতে পারেননি ব্রিটেনের এই তরুণী। কবজির ইনজুরিতে পড়ে কোর্ট থেকেই ছিটকে যান ২১ বছর বয়সী এমা।

ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষা ছিল এমার সামনে। সেটির জন্য তিনি বেছে নেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টকে। মাঠের ফেরার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করতে গিয়ে গত সপ্তাহে বলেছিলেন, ‘সত্যি বলতে আমি পুনর্জন্ম অনুভব করছি, সতেজ অনুভব হচ্ছে। মনে হচ্ছে আমি প্রস্তুত, আমার অনেক খুশি লাগছে এবং মাঠে ফিরতে আমি রোমাঞ্চিত। সবকিছু মিলিয়ে ইতিবাচক হয়েই ফিরতে যাচ্ছি।’ দ্য গার্ডিয়ানে দেওয়া সেই সাক্ষাৎকারের আরও বলেছিলেন, ‘আমি মনে করি ইউএস ওপেনের পর দুই বছর ধরে আমি আমার কাঁধে কিছুটা ওজন অনুভব করেছি। কিন্তু এখন আমি সম্পূর্ণ সতেজবোধ করছি।

২০২২ সালে ইনজুরিতে পড়ার আগে র্যাঙ্কিংয়ে দশে জায়গা করে নেন এমা। কিন্তু ১৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে জায়গা করে নিতে হলে তাকে এখন বাছাইপর্ব খেলতে হতো। কেননা বর্তমানে তিনি রয়েছেন র্যাঙ্কিংয়ের ৩০১ নম্বরে। এমন অবস্থায় মঙ্গলবার রাতে অকল্যান্ড ক্ল্যাসিকে প্রথম ম্যাচেই জয় পেয়েছেন এমা। তাও র্যাঙ্কিংয়ে ১৩৪ নম্বরে থাকা এলেনা গ্যাব্রিলা রুসকে পরাজিত করে প্রত্যাবর্তন রাঙিয়েছেন সাবেক গ্রান্ড স্ল্যামজয়ী এই তরুণী। ৫-২ গেমে প্রথম সেটে পরাজিত হলেও শেষ পর্যন্ত ৬-৩, ৪-৬, ৭-৫ গেমে ম্যাচটি জিতে নিয়েছেন।

ইউএস ওপেনের ওয়াইল্ড কার্ড পাওয়ার জন্য প্রথম পদক্ষেপে হাসিমুখেই কোর্ট ছেড়েছেন এমা। ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত এমা বলেছেন, এখানে অংশগ্রহণ করা এবং খেলতে পারাটা খুবই আশ্চর্যজনক। আমি ফিরে আসতে পেরে সত্যিই খুশি এবং মৌসুম শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আশা করি ইনজুরিমুক্ত হয়ে এবং সুস্থভাবে চালিয়ে যেতে পারব।

প্রথম রাউন্ডের বাধা পেরোলেও দ্বিতীয় রাউন্ডে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে এমার সামনে। ইউক্রেনের তারকা এলিনা সভিতোলিনার বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামবেন তিনি। এদিকে কাঁধের চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনের ড্র থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন আমেরিকান লরেন ডেভিস। তাতে সরাসরি ড্রয়ে সুযোগ পেয়ে গেলেন এমা। যেটি অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি।