× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টির বাগড়ায় শরিফুলের আক্ষেপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ২১:৩৩ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ২২:৩২ পিএম

নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন পেসার শরিফুল ইসলাম; ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন পেসার শরিফুল ইসলাম; ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে কী এক দারুণ বছরই না কাটালেন শরিফুল ইসলাম। ব্যক্তিগত নৈপুণ্য আর অর্জন-কৃতিত্বকে মানদণ্ড ধরলে তার জন্য ২০২৩ ছিল সোনালি সাফল্যে মোড়ানো একটি বছর। কেউ কেউ ফেলে আসা বছরকে টাইগার এই পেসারের ক্যারিয়ারের স্বপ্নের এক বছর বলেই অভিহিত করছেন।

নিউজিল্যান্ড সফর শেষ করে সদ্যই দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। কিউই মুলুকে স্বাগতিকদের বিপক্ষে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন শরিফুল। ঐতিহাসিক এই সফরের টি-টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্য সিরিজও হয়েছেন বাঁহাতি এই পেসার। যা শুধু শরিফুল নন, বাংলাদেশের যেকোনো ক্রিকেটারের ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি।

গত রবিবার রাতে দেশে ফিরে বিমানবন্দরেই উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন শরিফুল ইসলাম। সেখানেই তার ব্যক্তিগত সাফল্য নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ। বছরটা খুব ভালো গেছে। আমরা যদি দলগতভাবে ভালো করতে পারতাম তাহলে আরও ভালো লাগত।’

বাংলাদেশের একজন পেসার নিউজিল্যান্ডের মাটিতে ম্যান অব দ্য সিরিজ- এটা কতটা আনন্দের? কেমন ভালো লাগার? আগামীতে এর কোনো ইতিবাচক প্রভাব পড়বে কী? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে শরিফুল আশা করেন, তিনি একা নন, আগামীতে আরও অনেকেই তার মতো এমন কৃতিত্বের অধিকারী হবেন।

যুব বিশ্বকাপজয়ী এই পেসারের ভাষ্য, ‘কেবল তো শুরু যে একজন মাত্র হইছে। আগামীতে দেখবেন আরও অনেকেই হবে আশা করি। আশা করছি আমরা এখান থেকেই ঘুরে দাঁড়াব। যে যার মতো এখন থেকে যেকোনো কন্ডিশনে গেলেই সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করব।’

২০২৩ সালে জাতীয় দলের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ২৮ ম্যাচে ৫২ উইকেট শিকার করেছেন শরিফুল। এ মুহূর্তে তাকেই ভাবা হচ্ছে বাংলাদেশের সেরা বোলার। এ অনুভূতিটা কেমন? শরিফুলের জবাব, ‘দেখুন সবাই চায় সেরা হতে। গায়ে সেরার তকমা মাখতে কে না চায়? খুব ভালো লাগছে আমার।’

আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। যেখানে রাজধানীর দল ঢাকার হয়ে মাঠ মাতাবেন শরিফুল। জাতীয় দলের পারফরম্যান্স বিপিএলে ভালো খেলার জন্য অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস শরিফুলের, ‘লাস্ট কয়েকটা সিরিজ আমার ভালো কেটেছে। ভালো করার চেষ্টা থাকবে।’

নিউজিল্যান্ড মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সামগ্রিকভাবে নিউজিল্যান্ড সফর নিয়ে সন্তুষ্ট শরিফুল নিজেও, ‘একটা ভালো সফর গেছে। আলহামদুলিল্লাহ। যদিও টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। সেকেন্ড ম্যাচে বৃষ্টি না হলে হয়তো আমরা জিততাম। জানি না খেলা হলে কী হতো! তবে যতটুকু খেলা হয়েছে, সেটা আমাদের পক্ষেই ছিল।’

নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে বাঁহাতি এই পেসার বলেন, ‘সবাই খুব ভালো ছিলাম। মাঠে সবাই সবাইকে খুব সাপোর্ট দিছেন। শান্ত ভাই খুব ভালো ছিলেন। সবাই ফ্রেন্ডের মতো মাঠে ইজি ছিলাম। সবাই মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা