প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১২:৪১ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১২:৪১ পিএম
যুব দলের নির্বাচক হান্নান সরকার
কিছুদিন আগে ইতিহাস গড়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশ। টাইগার যুবারা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন। এবার লাল-সবুজ প্রতিনিধিদের লক্ষ্য যুব বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার।
আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের। আসন্ন এই আসরটি সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এশিয়া কাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন। তার সহযোগী হিসেবে থাকবেন আহরার আমিন। এশিয়া চ্যাম্পিয়ন দলের সব সদস্যই রয়েছেন যুব বিশ্বকাপ স্কোয়াডে। এ ছাড়া ব্যাকআপ হিসেবে থাকবেন আরও পাঁচ ক্রিকেটার।
গতকাল সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেন যুব দলের নির্বাচক হান্নান সরকার।
বিশ্বকাপের দল ঘোষণার পর এশিয়া কাপ জেতা এ দলটা বাংলাদেশকে আরও একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা এনে দেবে বলে আশা প্রকাশ করেন হান্নান, ‘আমরা ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০২২-এ সেটা ধরে রাখতে পারিনি। সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। চ্যাম্পিয়ন তো বলেকয়ে হওয়া যায় না। তবে আমাদের লক্ষ্য সব সময়ই থাকে চ্যাম্পিয়ন হওয়া, বিশেষ করে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে। আমাদের অন্য দলও বড় দল হিসেবে চিন্তা করে। আমরাও চিন্তা করছি ট্রফিটা আবার ফিরিয়ে আনার।’
এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রথমে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। সেখানকার কন্ডিশনের কথা মাথায় রেখে বিসিবি দলটাকে দুই বছর ধরে তৈরি করেছে। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞায় থাকা শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। তবে বিসিবি তাদের পরিকল্পনায় খুব একটা বদল করেনি।
হান্নানের ভাষ্য, ‘আমরা শ্রীলঙ্কা ধরেই এগোচ্ছিলাম। শেষ মুহূর্তে তেমন কোনো পরিবর্তন করিনি। আমাদের দলে অনেক অলরাউন্ডার আছে। আমাদের অধিনায়ক, সঙ্গে জীবন (শেখ পারভেজ) ভালো অলরাউন্ডার। আরিফুল ভালো বোলিং করে। আমাদের পেস বোলিং অলরাউন্ডারও আছে, রিজওয়ান। সবকিছু মিলিয়ে আমাদের অলরাউন্ডারের সংখ্যাটা বেশ ভালো। তাই আমরা মূল শক্তি হিসেবে চিন্তা করি, আমাদের দলে অলরাউন্ডারের সংখ্যা বেশি।’
দক্ষিণ আফ্রিকায় উড়াল দেওয়ার আগে দেশে সপ্তাহখানেক ক্যাম্প করবে টাইগার যুবারা। পরে ১৯ তারিখ যুব বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত প্রোটিয়া মুলুকে হবে কন্ডিশনিং ক্যাম্প। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রথম মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবেন পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।
এবার দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহঅধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফা মৃধা।
স্ট্যান্ডবাই ক্রিকেটার : নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ।